প্রায় এক যুগ পর কাপের খোঁজে লঙ্কা বাহিনী!

এবার গ্ৰুপ বি তে রয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, ওমান। শেষ টি-টোয়েন্টি সিরিজে অজিদের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতেছে পাকিস্তান। এটি বাইরের মাঠে অজিদের সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ ফল। ফলে ওই গ্রুপে অজিদের বাড়তি গুরুত্ব দিতেই হবে অন্য টিমগুলোকে।

প্রায় এক যুগ পর কাপের খোঁজে লঙ্কা বাহিনী!
Image Credit source: Sameera Peiris- Getty Images

| Edited By: Moumita Das

Feb 04, 2026 | 7:42 PM

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা। তার মধ্যে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ফেলেছে যুগ্ম আয়োজক দেশ শ্রীলঙ্কা। ২০১৪ সালে এই ট্রফি জেতে লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। ফাইনালে প্রতিপক্ষ ছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। যুবরাজ সিংয়ের ২১ বলে ১১ রানের ইনিংসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ভারতীয় সমর্থকেরা। তারপর থেকে তাদের ভাগ্যে জুটেছে শুধুই ব্যর্থতা। গত বিশ্বকাপে গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দাসুন শনাকাদের।

এবার গ্ৰুপ বি তে রয়েছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, ওমান। শেষ টি-টোয়েন্টি সিরিজে অজিদের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতেছে পাকিস্তান। এটি বাইরের মাঠে অজিদের সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ ফল। ফলে ওই গ্রুপে অজিদের বাড়তি গুরুত্ব দিতেই হবে অন্য টিমগুলোকে। শ্রীলঙ্কার হয়ে নজরে থাকবেন জনপ্রিয় স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রয়োজনে ব্যাটিংও করে দিতে পারেন এই অলরাউন্ডার। এ ছাড়াও শ্রীলঙ্কার হয়ে সুযোগ পেয়েছেন আইপিএল খেলে যাওয়া দুই বোলার মহিশা পাথিরানা এবং মথিশ থিকশানা। এই দু’জন শ্রীলঙ্কার জন্য বড় বাজি হতে পারেন। শ্রীলঙ্কার হয়ে নজর থাকবে পাথুম নিশঙ্কার উপর। দেশের হয়ে দ্রুততম ২০০০ রান করা নিশঙ্কা হতে পারেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের একজন এবং শ্রীলঙ্কার বড় বাজি।

এই মুহূর্তে আইসিসির ক্রমতালিকায় অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এই দুই দলের লড়াই যে যথেষ্ট উপভোগ্য হবে, আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। একদিকে মিচেল মার্শের অস্ট্রেলিয়া নাকি দাসুন শনাকার শ্রীলঙ্কা, গ্ৰুপ বি থেকে বাজিমাত করবে কোন দল ? নাকি অঘটন ঘটিয়ে দেবে ওমান, আয়ারল্যান্ড বা জিম্বাবোয়ে ? দেখতে মুখিয়ে রয়েছেন সবাই।