T20 World Cup: সুপার এইটে হারের পর বড় প্রশ্ন, অভিষেকের বদলে দলে ফিরছেন সঞ্জু?

রায়ানের কথায়, “দলে অনেক অনভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমরা একটি স্থিতিশীল একাদশ চাই।” অভিষেক শর্মা টুর্নামেন্টে টানা তিনটি ম্যাচে শূন্য রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ বলে ১৫ রান করেন। তবে স্পিনারদের বিরুদ্ধে তাঁকে কিছুটা অস্বস্তিতেই দেখা যায়। শেষ পর্যন্ত মার্কো জ্যানসেনের বলে তিনি আউট হন। অন্য দিকে ওপেনিংয়ে সঙ্গী ইশান কিষান, যিনি বিশ্বকাপের গত ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে ছিলেন, তিনিও এ দিন শূন্য রানে আউট হন।

T20 World Cup: সুপার এইটে হারের পর বড় প্রশ্ন, অভিষেকের বদলে দলে ফিরছেন সঞ্জু?
Image Credit source: Darren Stewart/Gallo Images/Getty Images

| Edited By: Moumita Das

Feb 23, 2026 | 5:47 PM

কলকাতা: সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর ভারতীয় দলে পরিবর্তনের জল্পনা তুঙ্গে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৭৬ রানে হেরেছে ভারত। এই পরিস্থিতিতে ধারাবাহিক ভাবে ব্যর্থ অভিষেক শর্মার জায়গায় সঞ্জু স্যামসনকে দলে ফেরানো হবে কি না, তা নিয়েই জোর আলোচনা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ রায়ান টেন ডুশখাটে বলেন, টিম ম্যানেজমেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, একাদশ পরিবর্তন নিয়ে ভাবনা-চিন্তা চলছে। গত দেড় বছরে যাঁরা ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করেছে, তাঁদের উপর আস্থা রাখা হবে? নাকি, কৌশলগত কারণে নতুন কাউকে সুযোগ দেওয়া হবে? সেই প্রশ্নই এখন দলের সামনে।

রায়ানের কথায়, “দলে অনেক অনভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আমরা একটি স্থিতিশীল একাদশ চাই।” অভিষেক শর্মা টুর্নামেন্টে টানা তিনটি ম্যাচে শূন্য রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ বলে ১৫ রান করেন। তবে স্পিনারদের বিরুদ্ধে তাঁকে কিছুটা অস্বস্তিতেই দেখা যায়। শেষ পর্যন্ত মার্কো জ্যানসেনের বলে তিনি আউট হন। অন্য দিকে ওপেনিংয়ে সঙ্গী ইশান কিষান, যিনি বিশ্বকাপের গত ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্মে ছিলেন, তিনিও এ দিন শূন্য রানে আউট হন। ফলে টপ অর্ডারের ব্যর্থতাই ভারতের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। রায়ান বলেছেন, “এ বার এই কম্বিনেশনই খেলবে, নাকি সঞ্জুকে ফিরিয়ে এনে ডান-বাম কম্বিনেশন বজায় রাখবে? বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।”

এই হারের ফলে ভারতের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছে। এখন সুপার এইটের বাকি দুটি ম্যাচ জিততেই হবে ভারতের। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ ও আক্রমণাত্মক ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছেন। এখন দেখার টিম ম্যানেজমেন্ট কি অভিষেকের উপর আস্থা রাখবে, নাকি সঞ্জুর অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে? আগামী ম্যাচের একাদশেই মিলবে সেই প্রশ্নের উত্তর।