ফাইনালে বিধ্বংসী ১৭৫, বৈভব সংহারে ব্যাকফুটে ইংল্যান্ড!

আজ শুরু থেকেই মারমুখী ছিলেন বৈভব। ৫৫ বলে শতরান করার পর পরের পঞ্চাশ রানের গন্ডি ছুঁয়েছেন মাত্র ১৬ বলে। তাঁর এই বিশাল ইনিংস সাজানো ১৫টি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারি দিয়ে। যুব বিশ্বকাপে ১৫টি ছয় মেরে বিশ্বরেকর্ড করলেন বৈভব। এর আগে সর্বোচ্চ ছয়ের নজির ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের কাছে। তিনি মেরেছিলেন ১২টি ছয়।

ফাইনালে বিধ্বংসী ১৭৫, বৈভব সংহারে ব্যাকফুটে ইংল্যান্ড!
Image Credit source: Ashley Allen-ICC/ICC via Getty Images

| Edited By: Moumita Das

Feb 06, 2026 | 4:28 PM

কলকাতা : সেঞ্চুরি করেই হাত মুঠো করে একবার ছুঁড়লেন তিনি। দেখে কে বলবে, একটু আগেই রীতিমত চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়েছেন তিনি ? জিম্বাবোয়ের হারারে স্টেডিয়াম আজ দেখল , এক ১৫ বছরের কিশোরের বিশ্বমঞ্চে প্রবল পরাক্রম। যুব বিশ্বকাপ ফাইনালের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিশাল ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। যতক্ষণ তিনি পিচে ছিলেন, তাঁকে বল করতে গিয়ে রীতিমত হিমশিম খেয়েছেন বিপক্ষের বোলাররা। যুব বিশ্বকাপ থেকেই উত্থান ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সোয়ালদের। আজ সেই মঞ্চ থেকেই উঠে এলেন আর এক ক্রিকেটার।

আজ শুরু থেকেই মারমুখী ছিলেন বৈভব। ৫৫ বলে শতরান করার পর পরের পঞ্চাশ রানের গন্ডি ছুঁয়েছেন মাত্র ১৬ বলে। তাঁর এই বিশাল ইনিংস সাজানো ১৫টি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারি দিয়ে। যুব বিশ্বকাপে ১৫টি ছয় মেরে বিশ্বরেকর্ড করলেন বৈভব। এর আগে সর্বোচ্চ ছয়ের নজির ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের কাছে। তিনি মেরেছিলেন ১২টি ছয়। আজ বৈভবের ব্যাটিং দেখে আশা করা যায়, খুব শীঘ্রই হয়ত সিনিয়র দলেও সুযোগ পেয়ে যেতে পারেন। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট মহলে একটি পরিচিত মুখ বিহারের এই কিশোর। গত আইপিএলেই রাজস্থানের হয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে চর্চায় এসেছেন তিনি। এরপর সুযোগ পেয়েছেন বিহার রঞ্জি দলেও। যুব টেস্ট ডেবিউতেই ৫৮ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যা দেখে তাঁর মধ্যে এক বড় সম্ভাবনা দেখছেন নির্বাচকরা।

টসে জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক আয়ুষ মাত্রে। অধিনায়কের নিজের ব্যাট থেকেও এসেছে একটি ঝকঝকে অর্ধশতরানের ইনিংস। যুব বিশ্বকাপে ভারত মোট ৫ বার বিজয়ীর মুকুট হাতে তুলেছে। ইংল্যান্ডের সঙ্গে শেষ ২০২২ সালে ফাইনালে সাক্ষাৎ হয়েছিল ভারতের। সেই ম্যাচেও জয়লাভ করে পঞ্চমবারের জন্য এই প্রতিযোগিতায় জেতে অধিনায়ক যশ ধুলের ভারত। আজকের ম্যাচে জিতলে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হবেন আয়ুষ – অভিজ্ঞানরা। এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দেবে ভারতীয় সমর্থকদের।