
কলকাতা: আগামিকাল (বুধবার), ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫ ম্যাচের ওডিআই সিরিজ। টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার এই সিরিজও জিততে বদ্ধপরিকর শুভমন গিলরা। তবে এর থেকেও বেশি অন্য একটি কারণে উদগ্রীব ভারতীয় ভক্তরা। প্রায় ১ মাস পর আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে।
১- লিস্ট এ ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড আপাতত কোহলি ও সচিনের দখলে। দুজনেরই সংগ্রহে আছে ৬০টি করে সেঞ্চুরি। সচিন ৫৩৮টি ইনিংস খেলে ৬০টি সেঞ্চুরি করেছেন। কোহলি মাত্র ৩৪০টি ইনিংসেই ৬০টি সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান করলেই সচিনকে পিছনে ফেলে লিস্ট এ ক্রিকেটে এককভাবে সর্বাধিক শতরানের মালিক হয়ে যাবেন বিরাট।
২- নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের। কিউয়িদের বিরুদ্ধে ৫০টি ইনিংসে তাঁর সংগ্রহ ১৯৭১ রান। অন্যদিকে বিরাট কোহলি ৩৬টি ইনিংস খেলেই ১৮৯৭ রান করেছেন। অর্থাৎ, পন্টিংকে টপকে যেতে প্রয়োজন আর মাত্র ৭৫ রান। ৭৬ রান করলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে সর্বাধিক রান স্কোরার হয়ে যাবেন কোহলি।
৩- ওডিআই ক্রিকেটে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার রান করার রেকর্ড এখনও অবধি কারও নেই। সেই ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে কোহলি। এখনও পর্যন্ত ৩ নম্বরে ব্যাট করতে নেমে কোহলি করেছেন ১২৯৮৮ রান। আর মাত্র ১২ রান করলেই এই রেকর্ড গড়বেন কোহলি।
৪- ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে সর্বাধিক রান করার রেকর্ড আছে সচিনের। তাঁর সংগ্রহ ৮৭২০ রান। কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর সংগ্রহ ৮৬৬৭ রান। অর্থাৎ, সচিনকে টপকাতে কোহলির দরকার আর ৫৪ রান।
৫- সেনা কান্ট্রি (SENA) অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া – এই ৪ দেশের মধ্যে নিউজিল্যান্ড ছাড়া বাকি ৩ দেশেই প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতেছেন কোহলি। এবার কিউয়িদের দেশে সিরিজ সেরা ক্রিকেটার হলে সেনার (SENA) ৪ দেশেই এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার হয়ে যাবেন কোহলি।
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে চললে এই দুই সিরিজ দুই তারকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, এই সফরের মাধ্যমেই নিউজিল্যান্ডে শেষবার খেলতে যাচ্ছেন রো-কো। ফলে আসন্ন সিরিজে একাধিক রেকর্ড ভঙ্গ করতে পারেন বিরাট, এমনই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।