Virat Kohli Speech : “নিজের স্বপ্নের প্রতি সৎ থেকো”, খুদে পড়ুয়াদের কী পরামর্শ দিলেন বিরাট কোহলি?

Virat Kohli : সোমবারই দিল্লি ক্যাপিটালসকে হেলায় হারিয়েছে আরসিবি। অপরাজিত হয়েই মাঠ ছেড়েছেন কোহলি। আর তার পরের দিনই রাজকুমারের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে দেখা গেল বিরাটকে। সেখানেই প্রাক্তন ভারত অধিনায়ক যে কতটা জড়সড় ছিলেন, তা তাঁর কথা শুনলেই বোঝা যায়।

Virat Kohli Speech : নিজের স্বপ্নের প্রতি সৎ থেকো, খুদে পড়ুয়াদের কী পরামর্শ দিলেন বিরাট কোহলি?
Virat Kohli gave advice to students.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Apr 29, 2026 | 11:51 AM

কলকাতা: তিনি বিরাট কোহলি (Virat Kohli)। তিনি মহাতারকা। তাঁকে সচরাচর কোনও অনুষ্ঠানে দেখা যায় না। তবে নিজের শৈশবের কোচ রাজকুমার শর্মার (Rajkumar Sharma) ডাক তিনি উপেক্ষা করেন কী করে? তাই নিজের প্রথম কোচের এক ডাকে হাজির হয়ে গিয়েছিলেন রাজকুমারের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে। সেখানে গিয়ে জীবন শিক্ষা থেকে ক্রিকেট – দুয়েরই পাঠ দিলেন ‘কিং’ (King Kohli)।

সোমবারই দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হেলায় হারিয়েছে আরসিবি (Royal Challengers Bengaluru)। অপরাজিত হয়েই মাঠ ছেড়েছেন কোহলি। আর তার পরের দিনই রাজকুমারের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে দেখা গেল বিরাটকে। সেখানেই প্রাক্তন ভারত অধিনায়ক যে কতটা জড়সড় ছিলেন, তা তাঁর কথা শুনলেই বোঝা যায়। কোহলি বললেন,”আমি আসলে স্কুলে গিয়ে কথা বলতে খুব একটা অভ্যস্ত নই। তাই একটু অন্যরকম লাগছে। বহুদিন আগে স্কুল ছেড়ে ক্রিকেট জীবনে পা রেখেছিলাম, তাই এখন একটু অন্যরকম লাগছে।”

স্কুল পড়ুয়াদের বিরাট উপদেশ দিয়েছেন,”আমি আজ স্কুলজীবন ও তার পরিবেশ নিয়েই কথা বলব। স্কুল সেই জায়গা, যেখানে তোমরা জীবনের নানা শিক্ষা পাবে। মানুষ হিসেবেও তোমাদের উন্নতি হবে। স্কুলের ছাত্র হিসেবে তোমাদের প্রধান কাজ, স্কুল, শিক্ষক-শিক্ষিকাকে সম্মান করা। তাঁরাই কিন্তু তোমাদের জীবনের পাঠ দিচ্ছেন। তাঁদের সম্মান করবে। তাঁরা যে মনোযোগ তোমাদের থেকে চান, সেটা তাঁদের দেওয়া উচিত।”

নিজের স্বপ্নের পিছু করাটাও যে প্রধান কাজ, সেটাও বুঝিয়ে দিলেন বিরাট। তিনি বললেন,”আমার জীবনের ইচ্ছে ছিল, আমি খেলাকেই নিজের কেরিয়ার বানাব। আমি নিশ্চিত ছিলাম, ক্রিকেটই হবে আমার ভবিষ্যত। আমি আমার প্যাশন নিয়ে সৎ ছিলাম। আমার পরিবারের কাছেও আমাকে সৎ থাকতে হয়েছে। আমি সবাইকে বোঝাতে চেয়েছিলাম, ক্রিকেটই আমার জীবিকা হবে।”

কোহলি আরও বলেন,”নিজের স্বপ্নকে কখনও ভুলে যেও না। স্বপ্নের প্রতি সবসময় সৎ থাকা উচিত। যা করতে চাও, যদি নিজের ওপর ভরসা থাকে, সেটাই করবে। কাউকে কোনও রকম ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। একমাত্র তুমিই জানবে, তোমার প্যাশনের প্রতি তুমি কতটা সৎ ছিলে।”

যতই হোক, কোহলিকে বক্তৃতা দিতে দেখে চুপ থাকেনি খুদেরাও। রীতিমতো ‘কোহলি’, ‘কোহলি’, ‘আরসিবি’, ‘আরসিবি’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল প্রাঙ্গন। বিষয়টা খুবই স্বাভাবিক, চাঁদ কি রোজ রোজ ঘরে আসে ?

 

Follow Us