West Bengal Election 2026: রাজনৈতিক হিংসা রেয়াত নয়, সাফ বার্তা জ্ঞানেশ কুমারের
২০২১-এর নির্বাচনে অভিযুক্ত পুলিশকর্মীদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার। রাজ্যে এসে তিনি বারবার বলে গিয়েছেন, কোনও রকমের হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না।

নয়া দিল্লি: ২০২১-এর ভোট পরবর্তী হিংসার জের চলেছিল অনেকদিন। হাইকোর্টের নির্দেশে সেই হিংসার তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পাঁচ বছর বাদে আবারও একটা নির্বাচন আসন্ন বাংলায়। আজ, রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন ভোট ঘোষণা করছেন, তখন তাই সেই অশান্তির প্রশ্ন ঘুরে ফিরে এল বারবার।
২০২১-এর নির্বাচনে অভিযুক্ত পুলিশকর্মীদের চিহ্নিত করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার। রাজ্যে এসে তিনি বারবার বলে গিয়েছেন, কোনও রকমের হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর যে কড়া নজর রাখা হচ্ছে, সে কথাও উল্লেখ করেছিলেন তিনি। এবারও মনে করিয়ে দিলেন সে কথা।
এদিন জ্ঞানেশ কুমার বলেন, “রাজনৈতিক হিংসা ও ভোট প্রভাবিত করার চেষ্টা করলে, অভিযুক্তদের রেয়াত করবে না নির্বাচন কমিশন।” বাংলায় বিজেপি বারবার হিংসার অভিযোগ তুলেছে। গত বিধানসভা নির্বাচনে হিংসার জেরে মৃত্যুর ঘটনাও ঘটে, এখনও এমন অনেক মামলার বিচার চলছে।
এদিন গিরিশ পার্কের ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে জ্ঞানেশ কুমার বলেন, “নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে। তাই ভোটের আগে কী ঘটেছে, তা নিয়ে কমিশন কোনও মন্তব্য করবে না।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে। শান্তিপূর্ণ ভোট করাই লক্ষ্য বলে উল্লেখ করেছে কমিশন।
