Dhupguri: কেন ধূপগুড়িতে স্টপেজ দেবে না বন্দে-ভারত? তুমুল বিক্ষোভ তৃণমূলের

Jalpaiguri: বিক্ষোভে অংশ নিয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে আসনটি বিজেপির হাতছাড়া হওয়ার পরই প্রতিহিংসামূলক মনোভাব থেকে ধূপগুড়ির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়নি। তাঁদের দাবি, রেল দফতর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধূপগুড়িকে বঞ্চিত করছে।

Dhupguri: কেন ধূপগুড়িতে স্টপেজ দেবে না বন্দে-ভারত? তুমুল বিক্ষোভ তৃণমূলের
বন্দে ভারত স্লিপার ট্রেন।Image Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 08, 2026 | 4:44 PM

ধূপগুড়ি: জলপাইগুড়ির ধূপগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ না পাওয়াকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ। যার জের রাজনৈতিক উত্তাপ বাড়ল রবিবার। স্টপেজ ইস্যুতে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতারা। ধূপগুড়ি রেলস্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নিয়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে আসনটি বিজেপির হাতছাড়া হওয়ার পরই প্রতিহিংসামূলক মনোভাব থেকে ধূপগুড়ির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়নি। তাঁদের দাবি, রেল দফতর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধূপগুড়িকে বঞ্চিত করছে। এদিনের কর্মসূচিতে বন্দে ভারত স্টপেজের জোরালো দাবিতে স্লোগান ওঠে ধূপগুড়ি স্টেশন চত্বরে। বক্তারা জানান, ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে ধূপগুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহকুমা। এই মহকুমার মধ্যেই রয়েছে বিন্নাগুড়ি সেনাছাউনি এবং নিকটবর্তী হাসিমারায় রয়েছে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি। সেই কারণে ধূপগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করেন তাঁরা।

উল্লেখ্য, এর আগেই বন্দে ভারত স্টপেজের দাবিতে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা আলিপুরদুয়ার ডিআরএম অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখান। ফলে বন্দে ভারত স্টপেজ ইস্যুতে ধূপগুড়িতে রাজনৈতিক ও সামাজিক চাপ ক্রমশই বাড়ছে। এই ইস্যুতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছে তৃণমূল ও নাগরিক মঞ্চ—এমনটাই মনে করছে স্থানীয় মহল।

স্টেশন মাস্টারকে দাঁড় করিয়ে তৃণমূল নেতা বলেন, “কেন ধূপগুড়িতে স্টপেজ দেওয়া হচ্ছে না। আমি জানি আপনার কোনও ভূমিকা নেই এখানে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সব জানাবেন। অসমে বিজেপি আছে তাই স্টপেজ দিয়েছে।”