
কালচিনি: মাধ্য়মিক পরীক্ষার মাঝেই অসুস্থ দুই ছাত্রী। পরীক্ষা থামিয়ে ভর্তি করা হল হাসপাতালে। তারপর সেখান থেকেই চলল পরীক্ষা। ঘটনাটি ঘটেছে অলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে। শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়েই অসুস্থ হয়ে যায় কোয়েল সূত্রধর ও অঞ্জলি লোহারা নামে ইউনিয়ন অ্যাকাডেমি গার্লসের দুই ছাত্রী। দুই ছাত্রীরই সিট পড়েছিল শংকর নেপালি স্কুলে। স্কুল সূত্রে খবর, ঠিক সময়ে ইতিহাসের পরীক্ষা শুরু হলেও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যে ক্লাস রুমের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে ওই দুই ছাত্রী। দ্রুত তাদের স্কুলের তরফে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। শেষে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে হাসপাতাল থেকেই পরীক্ষা দিল দু’জনে।
এখনও পর্যন্ত এই এলাকায় মাধ্যমিক শুরু পর চার পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে স্কুল হেলথের তরফে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অনুপম সরকার জানান, গতবারের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অসুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। তবে সকলেরই অবস্থা বর্তমানে স্থিতিশীল।
অনুপমবাবু বলছেন, “আমার কাছে স্কুল থেকে কল এসেছিল। একজন পরীক্ষার মাঝেই অচেতন হয়ে যায়। আর একজন প্রচন্ড ঘামতে শুরু করে, শ্বাসকষ্ট হয়। ফোন আসার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমরা গাড়ি নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। কিন্তু ওদের অবস্থা দেখে মনে হয়েছিল কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে চিকিৎসা করা সম্ভব হয়নি। দ্রুত হাসপাতালে নিয়ে আসি। প্রাথিমক চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়। এখান থেকেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবার তো শুরু থেকেই প্রায় প্রতিদিনই কোনও না কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়েছে। আগের বছর এতটা হয়নি। হয়তো প্যানিক অ্যাটাক থেকে এমনটা হয়ে থাকতে পারে।”