Bankura: ঈর্ষা না অন্য কিছু! নিজের ছোট বোনের থেকে ২ নম্বর কম পাওয়ায় স্কুলের ওড়নায় গলায় ফাঁস লাগাল ছাত্রী

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পরীক্ষাতেই তন্দ্রা সাধারণত তার বোনের থেকে বেশি নম্বর পেত। সেই নিয়েই একরকমের প্রতিযোগিতা চলছিল। কিন্তু একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায়, তন্দ্রা তার বোনের থেকে ২ নম্বর কম পেয়েছে। এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে তন্দ্রা।

Bankura: ঈর্ষা না অন্য কিছু! নিজের ছোট বোনের থেকে ২ নম্বর কম পাওয়ায় স্কুলের ওড়নায় গলায় ফাঁস লাগাল ছাত্রী
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 09, 2026 | 8:04 PM

বাঁকুড়া: বোনের সঙ্গে অঘোষিত প্রতিযোগিতার জেরে চরম সিদ্ধান্ত! বাঁকুড়ার শাসপুরে মর্মান্তিক ঘটনা। আত্মঘাতী এক একাদশ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় হতবাক পরিবার ও আত্মীয়স্বজনেরা। মৃত ছাত্রীর নাম তন্দ্রা বাগদী(১৭)। পরিবারের দাবি, বোনের থেকে পরীক্ষায় কম নম্বর পাওয়ায় এই চরম সিদ্ধান্ত নিয়েছে ওই ছাত্রী।

শাসপুর ডিএনএস হাইস্কুলের একাদশ শ্রেণিতে পড়াশোনা করত দুই বোন। তন্দ্রা ও তার যমজ বোন ছোট থেকেই একই স্কুলে পড়াশোনা করে। তবে নিজের বোন হলেও তাদের মধ্যে এক অঘোষিত প্রতিযোগিতা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিটি পরীক্ষাতেই তন্দ্রা সাধারণত তার বোনের থেকে বেশি নম্বর পেত এবং প্রথম হত সে। আর দ্বিতীয় স্থানে থাকত ছোট বোন তিথি। সেই নিয়েই একরকমের প্রতিযোগিতা চলছিল। কিন্তু একাদশ শ্রেণির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা যায়, তন্দ্রা তার বোনের থেকে ২ নম্বর কম পেয়েছে। এরপরই মানসিকভাবে ভেঙে পড়ে তন্দ্রা।

মৃত ছাত্রীর বাবা পরিতোষ বাগদী জানান, পরীক্ষার ফল প্রকাশের পর বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করে তন্দ্রা। স্কুলের ওড়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মৃত্যু হয় তার।

এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। এলাকার মানুষও স্তম্ভিত। বন্ধুদের সঙ্গে অনেক সময় এমন প্রতিযোগিতার মানসিকতা দেখা যায় পড়ুয়াদের মধ্যে। তাই বলে নিজের বোনের সঙ্গে এমন প্রতিযোগিতা! মানসিক চাপ ও প্রতিযোগিতার মধ্যে পড়ে পড়ুয়াদের এমন চরম সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ে ফের প্রশ্ন উঠছে।

Follow Us