
বাঁকুড়া: ভোটের মুখে গেরুয়া শিবিরে ভাঙন! গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে তৃণমূল থেকে ২০ টি পরিবারের শতাধিক ভোটারকে দলে যোগদান করাল তৃণমূল। ভোটের মুখে গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে বাঁকুড়ার ওন্দা বিধানসভার ২০ টি পরিবারের শতাধিক সদস্য যোগ দিলেন তৃণমূলে। দলবদলুদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে তাঁদের ঘরে তুলল তৃণমূল। এদিকে গোটা ঘটনাকে নাটক বলে দাবি করেছে বিজেপি। বামেদের দাবি, বিজেপি-তৃণমূল আলাদা নয় । চোরেরা যে দলে আশ্রয় পাচ্ছে সেই দলেই যাচ্ছে।
বাঁকুড়ার ওন্দা বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সাড়ে এগারো হাজারের বেশি ভোটে এই বিধানসভা থেকে জয়ী হন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। লোকসভা ভোটেও এই বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি। তবে এবার বিধানসভা নির্বাচনের আগে সেই গেরুয়া শিবিরে ভাঙন ধরাল তৃণমূল।
গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার নিকুঞ্জপুর হাইস্কুল মোড়ে তৃণমূলের একটি সভায় এলাকার ২০ টি পরিবারের শতাধিক কর্মী বিজেপির পতাকা ছেড়ে কাঁধে তুলে নিলেন ঘাসফুলের পতাকা। দলবদলুদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করে তাঁদের ঘরে তুললেন তৃণমূলের বাঁকুড়া ২ নম্বর ব্লকের সভাপতি বুদ্ধদেব শর্মা ও ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরুও খাঁ। তৃণমূলের বাঁকুড়া ২ নম্বর ব্লকের সভাপতি বুদ্ধদেব শর্মার দাবি, এই যোগদানের ফলে ওন্দা বিধানসভা কেন্দ্রে শক্তিশালী হল তৃণমূল। বিজেপির দাবি, তৃণমূলকে বিজেপি সাজিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে যোগদানের নাটক করে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল।
বামেদের দাবি, তৃণমূল ও বিজেপি দুটি দলই আর এস এস এর নির্দেশে চলে। কেউ গঙ্গাজল ছিটিয়ে দলবদলুদের বরণ করে আবার কেউ উত্তরীয় পরিয়ে। আসলে চোরেরা যে দলে আশ্রয় পাচ্ছে, সেই দলেই যাচ্ছে।