Bankura: ২৪ ঘণ্টা পর মেয়ের বিয়ে! সম্বলটুকু নিয়ে হেঁটেই ফিরছিলেন বাবা, মাঝপথেই ঘটে গেল…
Bankura Retired Teacher: বাবা উত্তম কুমার পাত্রকে বাড়ির গলির মুখে ছেড়ে দিয়ে ছেলে অন্য কাজে বেরিয়ে যান। উত্তম কুমার পাত্র হাতে টাকার ব্যাগ নিয়ে বাড়িমুখো হতেই বাইকে চড়ে দুই দুষ্কৃতী হঠাৎ ঘটনাস্থলে হাজির হয়। ওই ব্যক্তির একেবারে গা ঘেঁষে আচমকা বেরিয়ে যায় একটি বাইক।

বাঁকুড়া: একদিন পর মেয়ের বিয়ে। ঠিক ২৪ ঘণ্টা আগেই ঘটে গেল অঘটন। মেয়ের বিয়ে আগে সম্বলটুকু নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। সেটুকুও শেষ! পথেই দুষ্কৃতীদের হানায় হারালেন সেই টাকাও। বাঁকুড়ার খাতড়ার ঘটনা। সিসিটিভি ফুটেজে সামনে এল পুরো ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার খাতড়ার রবীন্দ্র সরণীর বাসিন্দা উত্তম কুমার পাত্র একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। আজ বৃহস্পতিবার তাঁর একমাত্র মেয়ের বিয়ে। বিয়ের খরচের জন্য বুধবার খাতড়ার পাম্প মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা মোট ১ লক্ষ ৭২ হাজার ২০০ টাকা তুলে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ছেলের সঙ্গে বাইকে চেপেই বাড়ি ফিরছিলেন।
বাবা উত্তম কুমার পাত্রকে বাড়ির গলির মুখে ছেড়ে দিয়ে ছেলে অন্য কাজে বেরিয়ে যান। উত্তম কুমার পাত্র হাতে টাকার ব্যাগ নিয়ে বাড়িমুখো হতেই বাইকে চড়ে দুই দুষ্কৃতী হঠাৎ ঘটনাস্থলে হাজির হয়। ওই ব্যক্তির একেবারে গা ঘেঁষে আচমকা বেরিয়ে যায় একটি বাইক। সেই পিছনের সিটে বসে থাকা এক দুষ্কৃতী হাত বাড়িয়ে উত্তম কুমার পাত্রের হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
ঘটনার সঙ্গে সঙ্গেই দৌড়ে দুষ্কৃতীদের তাড়া করলেও তাদের আর নাগাল পাননি অবসরপ্রাপ্ত ওই প্রাথমিক শিক্ষক। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে উত্তম কুমার পাত্র খাতড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
