
বাঁকুড়া: রাস্তার ধারে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন পথ দূর্ঘটনায় আহত এক বাইক আরোহী। নিজের প্রচার কর্মসূচিতে যাওয়ার পথে রাস্তা ধারের এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন। আহত যুবকের আঘাত গুরুতর দেখে প্রচার কর্মসূচি বাতিল করে নিজের গাড়িতে আহতকে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন বাঁকুড়ার সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী তথা এলাকার বিধায়ক দিবাকর ঘরামী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের দলীয় প্রচার কর্মসূচিতে যোগ দিতে ধুলাই গ্রামে যাচ্ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক দিবাকর ঘরামী। গাড়িতে যাওয়ার পথে বোন্দলহাটি এলাকায় তিনি দেখেন এক যুবক রাস্তার ধারে বসে যন্ত্রণায় ছটফট করছে।
গাড়ি থামিয়ে নিচে নামতেই ওই যুবক জানান, বাইক ও টোটোর সংঘর্ষে তিনি জখম হয়েছেন। আহত যুবকের কপালে গভীর চোট থাকায় দিবাকর ঘরামী নিজের উত্তরিয় খুলে যুবকের মাথায় বেঁধে দেন। তারপর নিজের প্রচার কর্মসূচি বাতিল করে দলের কর্মী ও নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় আহত যুবককে নিজের গাড়িতে তুলে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেও চিকিৎসার তদারকি করেন ওই বিজেপি প্রার্থী। দিবাকর ঘরামীর বলেন, “জনপ্রতিনিধি বা প্রার্থী হিসাবে নয়, একজন মানুষ হয়ে আরেকজন বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর তিনি চেষ্টা করেছি।”