Saumitra Khan: সাইকেল থেকে নেমে সটান তৃণমূল নেতার পা ছুঁয়ে ফেললেন সৌমিত্র খাঁ, কী হল হঠাৎ!
Saumitra Khan: বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। তিনিই ওই এলাকার সাংসদও। আর তাঁর বিরুদ্ধে এবার লড়াই করছেন তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তৃণমূল প্রার্থী সুজাতা ইতিমধ্যেই পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন এলাকায়। প্রচারে খামতি রাখছেন না সৌমিত্র খাঁ।

বিষ্ণুপুর: সকালে উঠেই রুটিন মাফিক প্রচারে বেরিয়ে পড়ছেন প্রার্থীরা। বিষ্ণুপুর কেন্দ্রও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার সাত সকালেই সাইকেলে চেপে রাস্তায় বেরিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে এবার লড়াই তাঁর। প্রচারে খামতি রাখছেন না তিনি। এদিন সকালে সাইকেল থেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ভাই, দাদা, কাকা বলে সম্বোধন করে কথা বলেন তিনি। কিছুটা এগিয়েই দেখা হয়ে যায় সুনীল দাসের সঙ্গে। তৃণমূলের টাউন সভাপতি সুনীল। তাঁকে দেখেই একগাল হেসে সৌমিত্র বললেন, ‘কেমন আছেন?’, তারপর পা ছুঁয়ে প্রণামও করেন।
বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। তিনিই ওই এলাকার সাংসদও। আর তাঁর বিরুদ্ধে এবার লড়াই করছেন তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তৃণমূল প্রার্থী সুজাতা ইতিমধ্যেই পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন এলাকায়। সম্পর্কে প্রাক্তন স্বামী-স্ত্রী হলেও একে অপরের বিরুদ্ধে বিরোধী-সুলভ তোপ দাগতে পিছপা হচ্ছেন না কেউ। লোকসভা নির্বাচনের মুখে চর্চায় উঠে এসেছে তাঁদের লড়াই।
দুই শিবিরের তাপ-উত্তাপের মাঝেই এবার প্রাচীন মল্লগড় সাক্ষী থাকল রাজনৈতিক সৌজন্যের। প্রচারে বেরিয়ে খোদ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ রাস্তায় তৃণমূলের বিষ্ণুপুর শহর সভাপতি সুনীল দাসকে দেখতে পেয়ে এগিয়ে গেলেন তাঁর কাছে। সটান পা ছুঁয়ে প্রণামও করলেন তিনি। দুজনে কুশল বিনিময় করে ফের আবার নিজের নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। বিষয়টিকে নেহাতই সৌজন্য বলেন উল্লেখ করেছে দু’পক্ষই।
সৌমিত্র খাঁ এদিন প্রচারে বেরিয়ে শুধু রাজনৈতিক সৌজন্য দেখালেন তাই নয়, বিষ্ণুপুরের মানুষকে দিলেন পরিবেশ সচেতনতার বার্তাও। এদিন নিজের ব্যাটারি চালিত একটি সাইকেল নিয়ে বিষ্ণুপুর শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত প্রচার চালাতে দেখা গিয়েছে সৌমিত্রকে। উল্লেখ্য, একসময় তৃণমূলেই ছিলেন সৌমিত্র খাঁ। তৃণমূলের টিকিটে জিতেই ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন সৌমিত্র খাঁ। পরে তিনি বিজেপিতে যোগ দেন।
