
বাঁকুড়া: ভোটের বাকি মেরেকেটে আর ২০ দিনেরও কম। সুর চড়ছে নেতাদের। আক্রমণ, পাল্টা আক্রমণ, কটাক্ষ পাল্টা কটাক্ষ সবই চলছে পুরোদমে। জমে উঠছে ভোট যুদ্ধ। এরইমধ্যে শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবনের সামনে তৃণমূলের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। সেখানেই ফের একবার সুর চড়াতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তীব্র কটাক্ষের সুরে বলেন, “আপনার দাদাগিরি খতম করে দেব অমিত শাহ। ৪ মে আপনাকে সবুজ আবির মাখব। এটা আমার ইচ্ছা।”
তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। বলেন, যে যত বড় চোর ডাকাত সে বিজেপির ততবড় নেতা। শুভেন্দুকে ‘কাঁথির ষাঁড়’ বলে কটাক্ষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের রাজনীতিবিদদের মধ্যে সবথেকে বেশি টাকা কামিয়েছে। ও ভবানীপুরেও হারবে আবার নন্দীগ্রামেও হারবে। আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা বিরোধী দলনেতা হয়েছেন তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এবারও তার পুনরাবৃত্তি হবে। তাঁর সাফ কথা, এবার শুভেন্দুর হার নিশ্চিত। খোঁচা দিয়েই বলেন, হারবে ও। তারপর মিউনিসিপ্যালটির নিচে আনাজ বিক্রি করতে হবে।
তবে চুপ করে নেই বিজেপিও। পাল্টা কটাক্ষ করেছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা। কল্যাণের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “এদের কথা যাঁরা শুনবে তাঁরাও এদের মতো পাগল। এদের কখনও সুস্থভাবে কথা বলতে দেখেছেন? কোথায় অমিত শাহ আর কোথায় ও! কোথায় হিমালয় পর্বত, কোথায় ফুটপাত! অনেক তফাৎ।”