
বাঁকুড়া: তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কাছে পেয়ে এলাকার পানীয় জলের সমস্যা তুলে ধরলেন মহিলারা। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন সুজাতা। অন্যদিকে এই ঘটনাকে সামনে রেখে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বৃহস্পতিবার বিষ্ণুপুর লোকসভার তালডাংরা ব্লকে রাজপুর গ্রামে প্রচারে যান সুজাতা। সেখানেই তাঁকে ঘিরে ধরে সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় মহিলারা। সুজাতার সঙ্গে ছিলেন গ্রামপঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সভাধিপতি। তাঁরা আশ্বস্ত করেন সব সমস্যা মিটিয়ে দেওয়া হবে।
গ্রামবাসীদের অভিযোগ, এখানে জলের খুবই কষ্ট। সাবমার্সিবলের বিদ্যুৎ বিলও গ্রামবাসীদের মধ্যে চাঁদা তুলে বহন করতে হয়। ফলে গরিব পরিবারগুলোর উপর চাপ বাড়ে। সুজাতা বলেন, “সমস্ত বিষ্ণুপুরকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। টুকটাক জলের যে সমস্যা তা জলস্তর নেমে যাওয়ার কারণে হচ্ছে। সাবমার্সিবল পাম্প বসিয়ে দিলেই মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন।”
তবে বিজেপির খোঁচা ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে বিধায়ক সবই তৃণমূলের ‘দখলে’। তারপরও কেন লোকসভায় জেতার অপেক্ষা করতে হচ্ছে? বিষ্ণুপুরের বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস বলেন, “পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবই তো দখল করে রেখেছে। বিধায়কও ওদের দলে। এখনও বলছেন লোকসভায় জিতলে করে দেবেন। ১২ বছরের একটা সরকার ভাঁওতাবাজি দিয়েই গেল। জোর করে ভোটে জিতেছেন, টাকা লুঠ করেছেন। এখন আবার লোকসভা ভোটটা টার্গেট করে। কিন্তু মানুষ তো ঠিক করে ফেলেছেন ভোট দেবেন না।”