
বাঁকুড়া: জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে থেকে কিছু একটা দেখা যাচ্ছিল। শুকনো পাতায় ঢাকা ছিল সব। হাওয়ায় পাতা সরতেই বেরিয়ে পড়ে অর্ধদগ্ধ দেহ। কাছে যেতে দেখা যায়, সেটি এক গৃহবধূর আধপোড়া শরীর। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন বাঁকুড়ার রাইপুরে এলাকার বাসিন্দারা। মটগোদা লাগোয়া জঙ্গল থেকে ওই গৃহবধূর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম অলকা কদমা ( ৫৬)। বাড়ি রাইপুর থানার বেঘুয়া গ্রামে।
স্থানীয়দের প্রাথমিক অনুমান, ওই গৃহবধূ জঙ্গলের নির্জন জায়গায় গিয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ অর্ধদগ্ধ দেহটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার পারিবারিক বিষয় নিয়ে পুত্রবধূর সঙ্গে কথাকাটি হয় অলকার। এরপরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান পাননি পরিবারের লোকজন। পুলিশ স্থানীয় সূত্রে খবর পেয়ে মটগোদা লাগোয়া জঙ্গল থেকে ওই মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে। রাতে থানায় গিয়ে দেহটি শনাক্ত করে পরিবারের লোকজন। এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুলিশের তরফে তলব করা হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদেরও।