Bankura: ‘আপনাকে বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে…’, শিক্ষকের উদ্দেশে বিজেপি নেতার পোস্টে পথে নামল আন্দোলন

Bankura: গত মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি হাইস্কুলে আচমকাই ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাঁড়া। শিক্ষকের অনুমতি না নিয়ে তিনি সটান হাজির হন স্কুলের একটি ক্লাসরুমে। ক্লাসরুমে প্রবেশ করে স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়াদের সামনেই শিক্ষকের উপর হম্বিতম্বি করেন বিধায়ক। সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে।

Bankura: আপনাকে বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে..., শিক্ষকের উদ্দেশে বিজেপি নেতার পোস্টে পথে নামল আন্দোলন
বাঁকুড়ায় ক্লাসরুমে বিধায়কের হম্বিতম্বিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 23, 2026 | 11:22 AM

বাঁকুড়া:  ক্লাসরুমে ঢুকে শিক্ষকের সামনেই বিধায়কের হম্বিতম্বি! আর তাতে বিতর্কের রেশ কিছুতেই কাটছে না। এবার সেই স্কুলের শিক্ষকের উদ্দেশেই সামাজিক মাধ্য়মে পোস্ট করলেন বিজেপির মণ্ডল সভাপতি। লিখলেন, “২০২৬-এর পর তৃণমূল ক্ষমতায় না থাকলে আপনাকে বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে।”  আর এই পোস্টের প্রতিবাদে ফের রাস্তায় নামল তৃণমূল।  ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলে বিনা অনুমতিতে ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনে শিক্ষকের উপর বিধায়কের হম্বিতম্বির ঘটনায় বিতর্কের রেশ কিছুতেই যেন কাটছে না। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির ফেসবুক লাইভে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

ফেসবুক লাইভ করে বিজেপির মন্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় না থাকলে এই শিক্ষককে ওই বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে।” বিজেপির মণ্ডল সভাপতির এই মন্তব্যের প্রতিবাদে ফের রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হল তৃণমূল।

গত মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি হাইস্কুলে আচমকাই ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাঁড়া। শিক্ষকের অনুমতি না নিয়ে তিনি সটান হাজির হন স্কুলের একটি ক্লাসরুমে। ক্লাসরুমে প্রবেশ করে স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়াদের সামনেই শিক্ষকের উপর হম্বিতম্বি করেন বিধায়ক। সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। বিধায়কের এই আচরণের প্রতিবাদে ইন্দাস সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের শিক্ষক সংগঠন রাস্তায় নেমে মিছিল ও সভা করে। সেই ঘটনার রেশ টেনে গতকাল ফেসবুক লাইভ করে সরব হন বিজেপির ইন্দাসের মন্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী।

ফেসবুক লাইভে তিনি সরাসরি কুশমুড়ি হাইস্কুলের শিক্ষককে উদ্যেশ্য করে বলেন, ” ২০২৬ সালের নির্বাচনের পর তৃণমূল না থাকলে তখন আপনি শিক্ষক সেলের নেতা হবেন। তখন আপনাকে এই বিজেপি বিধায়কেরই পায়ের তলায় এসে পড়তে হবে।” ফেসবুকে বিজেপির মণ্ডল সভাপতির এহেন মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়। বিজেপি নেতার মন্তব্যের কড়া সমালোচনা করে ফের আকুই বাজারে পথে নামে তৃণমূল। বিজেপির মন্ডল সভাপতি বিপ্রদাস অধিকারীর যুক্তি বিধায়ক ভুল করেছেন তার জন্য তিনি সংশ্লিষ্ট শিক্ষক তথা সমস্ত শিক্ষক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তারপরেও বিধায়কের এই ঘটনা নিয়ে যে ভাবে নোংরামি করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।

তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, “বিজেপি ক্ষমতায় এলে শিক্ষকদের সম্মানের কী হাল হবে, সেটা তো বুঝতেই পারছেন। এই ধরনের ঘটনাই তার প্রমাণ। ওদের দলের কারোর শিক্ষকের সমাজের প্রতি কোনও সম্মানই নেই।”