CM Mamata Banerjee: ‘কেউ কেউ তিলকে তাল করছেন’, কেষ্ট গড় থেকে ফের সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা
CM Mamata Banerjee:মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ। এই জল্পনা শোনা যাচ্ছেই। এরইমধ্যে সিউড়িতে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই সন্দেশখালি কাণ্ড নিয়ে ফের মুখ খুলতে দেখা গেল তাঁকে।

আক্রমণে মমতা Image Credit: TV-9 Bangla
সিউড়ি: হাতে আর মাত্র ক’টা দিন। সলতে পাকানোর কাজও প্রায় শেষ করে ফেলেছে সব রাজনৈতিক দলই। শেষ মুহূর্তের প্রচারে জোরকদমে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলই। মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। এই জল্পনা শোনা যাচ্ছেই। এরইমধ্যে সিউড়িতে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই সন্দেশখালি কাণ্ড নিয়ে ফের মুখ খুলতে দেখা গেল তাঁকে।
- সাফ বললেন, “মানুষের উপর অত্যাচার হলে আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে। প্রথমে ইডিকে পাঠিয়েছে। তারপর ইডিকে সঙ্গে নিয়ে বিজেপি ঢুকেছে। কিছু মিডিয়া ঢুকেছে। তিলকে তাল করছে। আমি অফিসার পাঠাব। যার যা অভিযোগ আছে তাঁরা শুনবে। যদি কেউ মনে করে কারও কাছ থেকে কেউ কিছু নিয়েছে তাহলে সেটাও ফিরিয়ে দেওয়া হবে। এটা মনে রাখবেন আমি যখন যেটা বলি আমি সেটা করি।”
- “কোনও মহিলা আজ পর্যন্ত কোনও এফআইআর, অভিযোগ করেনি। আমি পুলিশকে বলেছি সুয়োমোটো কেস করতে। আমাদের ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছে। ভাঙড়ে আরাবুল তো গ্রেফতার হয়েছে। তোমরা কতজনকে অ্য়ারেস্ট করেছ? আমি কী পারি না গদ্দারদের গ্রেফতার করতে? একটু সময় দিচ্ছি। সুতো দিচ্ছি।”
- ফের একশোদিনের টাকা বন্ধের অভিযোগে কেন্দ্রকে দুষলেন মমতা। বলেন, যখন কেউ বলে বাংলায় কাজ হয়েছে কোথায়? আমি তখন বলি দেখতে পাও না ৩৪ বছর সিপিএম ছিল কী করেছে! বিজেপি ১৮টা সাংসদ নিয়ে গিয়েছে। কী করেছে? ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে।
- কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা আরও বলেন, সব ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্র। এ তো মাছের তেলে মাছ ভাজা। এরপরেই একশোদিনের টাকা দেওয়া নিয়ে বলেন, মমতা স্পষ্ট বলেন, ১০০ দিনের কাজে যাঁরা টাকা পায়নি তাঁদের এই মাসের ২৬ তারিখ থেকে টাকা দেবে রাজ্য। কেন্দ্রের কাছে আর হাত পাতব না। আমাদের টাকা তুলে নিয়ে যেতে পারবে না। রাজ্যের টাকা রাজ্যেই থাকবে।
- বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, সিউড়িতেও নানান চক্রান্ত চলছে। বীরভূমেও চলছে। আজকে কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে মুছতে পারে নি। একই অভিযোগ আপনাদের নেতার বিরুদ্ধে রয়েছে। ব্যবস্থা নিয়েছেন?
- মনে রাখবেন আমরা বসন্তের কোকিল না। আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। আমরা জমিদার নই। আমরা পাহারাদার। আমরা মানুষের সুখ-দুঃখে তাঁদের পাশে আছি।
- এরপরই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয় মমতার হাত ধরে। ২১৬টি প্রকল্পের উদ্বোধন ও ৭২৩টি প্রকল্পের শিলান্যাসের তথ্য তুলে ধরা হয় এদিন।
- একইসঙ্গে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়েরও উদ্বোধন করেন মমতা।
Follow Us
