Birbhum Political Violence: তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, তপ্ত বীরভূম
TMC Worker Killed in Bolpur: মঙ্গলবার গভীর রাতে একদল সশস্ত্র দুষ্কৃতী হাবল লোহারের বাড়িতে চড়াও হয়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকায় বিজেপি কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে যুবকদের একটি দল হঠাৎই হাবলের ওপর চড়াও হয় এবং তাকে লক্ষ্য করে নির্মমভাবে মারধর শুরু করে।

বোলপুর: ফের রাজনৈতিক হিংসায় তপ্ত বীরভূম। বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরী পূর্বপাড়া গ্রামে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম হাবল লোহার (৪৮)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একদল সশস্ত্র দুষ্কৃতী হাবল লোহারের বাড়িতে চড়াও হয়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকায় বিজেপি কর্মী-সমর্থক হিসেবে পরিচিত। লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে যুবকদের একটি দল হঠাৎই হাবলের ওপর চড়াও হয় এবং তাকে লক্ষ্য করে নির্মমভাবে মারধর শুরু করে। দুষ্কৃতীদের বেধড়ক মারের চোটে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের এই সক্রিয় কর্মীকে পরিকল্পিতভাবে খুন করেছে বিজেপি। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
