South Dinajpur: বেহাল রাস্তা, ফুঁসছে গঙ্গারামপুর, বিক্ষোভ মাথাচাড়া দিতেই স্তব্ধ গোটা এলাকা
South Dinajpur: গঙ্গারামপুর থেকে তপন যাওয়ার পথে নয়াবাজার ১ নম্বর মোড়ে রয়েছে একটি কালভার্ট। কিন্তু, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে সেটির অবস্থা খুবই খারাপ। যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। যে কারণে ক্ষোভ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

গঙ্গারামপুর: যাতায়াতের জন্য একমাত্র ভরসা কালভার্ট। সেই কালভার্টের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। অভিযোগ, বহুবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। দীর্ঘ সময় এলাকায় স্তব্ধ হয়ে গেল যান চলাচল। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তপন থানার নয়াবাজার এলাকায়। অবিলম্বে নতুন কালভার্ট তৈরি করতে হবে। এই দাবিতে সোচ্চার গ্রামের বাসিন্দারা। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। যদিও ততক্ষণে দীর্ঘসময়ের জন্য গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বিক্ষোভ চলছে গ্রামবাসীদের। শেষ পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
প্রসঙ্গত, গঙ্গারামপুর থেকে তপন যাওয়ার পথে নয়াবাজার ১ নম্বর মোড়ে রয়েছে একটি কালভার্ট। কিন্তু, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে সেটির অবস্থা খুবই খারাপ। যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীরা জানাচ্ছেন খারাপ কালভার্টের কারণে বর্ষায় গ্রামের বড়সড় সঙ্কট তৈরি হয়। কালভার্ট দিয়ে জল ঢুকে প্লাবিত হয় এলাকার কয়েকশো বিঘা চাষের জমি। প্রতি বছরই বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় এলাকার কৃষকেদর। যে কারণেই ক্ষোভটা মাথাচাড়া দিচ্ছিল দীর্ঘ সময় ধরেই। নতুন কালভার্টের দাবিও উঠছিল। যদিও প্রশাসনের তরফে সেসবে বিশেষ কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ।
গ্রামের বাসিন্দাদের আরও অভিযোগ, বেহাল কালভার্টের কারণে এলাকায় দুর্ঘটনা লেগেই আছে। তাতেও কোনও হেলদোল নেই প্রশাসনের। তারই প্রতিবাদে শুক্রবার গঙ্গারামপুর তপন রাজ্য সড়কের নয়া বাজার এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা। খবর পাওয়া মাত্রই ছুটে আসে তপন থানার পুলিশ। তাঁরাই শেষ পর্যন্ত গ্রামের বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।
