Woman Harassment: বিশেষ ভাবে সক্ষম মহিলার নগ্ন ভিডিয়ো করে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
গৃহবধূর স্বামীর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছিল। বিষয়টি জানার পর তাঁরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত রবিবার পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ।

গঙ্গারামপুর: স্নানের নগ্ন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল। তারপর বিশেষ ভাবে সক্ষম এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতের যুবকের বয়স ২৩। সোমবার তাঁকে আদালতে পেশ করা হয়। এদিন মহিলার শারীরিক পরীক্ষাও করে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূ এবং তাঁর স্বামী দু’জনেই প্রতিবন্ধী। পরিবারের অভিযোগ, প্রায় দুই মাস আগে ওই গৃহবধূ স্নান করছিলেন। সেই সময় গোপনে তাঁর ভিডিয়ো মোবাইলের ক্যামেরাবন্দি করেন অভিযুক্ত। পরে সেই ভিডিয়ো দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। পরিবারের দাবি, ভিডিয়োটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তারপর তাঁকে মানসিকভাবে চাপের মধ্যে রাখতেন অভিযুক্ত। অভিযোগ, এরই মধ্যে কয়েকদিন আগে ওই গৃহবধূকে জোর করে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার।
গৃহবধূর স্বামীর জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছিল। বিষয়টি জানার পর তাঁরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত রবিবার পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
