
বালুরঘাট: ভোটের আগে ফের উত্তরবঙ্গে অস্বস্তিতে তৃণমূল। এবার বাদ গেল সিপিএমও। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তপন বিধানসভার বোল্লা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৩৫ টি পরিবার ও বালুরঘাট বিধানসভার বালুরঘাট শহর থেকে প্রায় ২০ জন বাম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। বস্তুত, এর আগে পদ্মশিবিরে যোগদান করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায়। একা অর্ঘ্য নন,সল্টলেকে বিজেপিতে যোগ করেছেন প্রভাবশালী রাজবংশী নেতা বংশীবদন বর্মনও। ফলে, ভোটের আগে উত্তরবঙ্গের একাধিক জেলায় বিজেপিতে যোগদানের হিড়িক বাড়ছে।
বুধবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে বাম-তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও যোগদানে উপস্থিত বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। যোগদানকারী আলো সরকার বলেন, “এতদিন তৃণমূলে ছিলাম। আমরা কোনও সুবিধা পাই না। আমরা প্রায় ১৮ জন যোগ দিলাম। অনেক দিন থেকে তো দেখলাম কিছুই পেলাম না, এখন যদি বিজেপি আমাদের দয়া করে দেখি।” সদ্য যোগদানকারী তোজো চক্রবর্তী বলেন, “বিজেপি ভাল তাই যোগদান করেছি। নরেন্দ্র মোদী অনেক উন্নয়ন করেছে। তাই যোগদান করলাম।”
যদিও, তপনের তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা বলেন, “তৃণমূল থেকে কেউ বিজেপিতে যোগ দেয়নি। যাঁরা যোগ দিয়েছে তারা বিজেপিতেই ছিল। ভোটের আগে এই সব স্ট্যান্ট বাজি ছাড়া কিছুই নয়।” তবে এখনও এই নিয়ে বামেদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।