Goutam Deb: ‘মানুষ প্রত্যাখ্যান করেছেন, ফিরে যাচ্ছি শিলিগুড়ি’, আক্ষেপ গৌতমের; খোঁচা দিল বিজেপি

Goutam Deb on assembly election: ৫ বছর আগের হারের আক্ষেপ ঝরে পড়ে গৌতম দেবের কণ্ঠে। তিনি বলেন, "এখানকার বিজেপি সাংসদ কোনও উন্নয়নের কাজ করেননি। বিধায়কও গত ৫ বছরে কোনও উন্নয়ন করেননি। তারপরও যদি মানুষ তাদের ভোট দেয়, জোর করে তো কিছু করা যাবে না। দুঃখ থাকবে। আক্ষেপ থাকবে। কেউ চাইলেও আমি আর আসছি না ডাবগ্রাম-ফুলবাড়িতে। আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। আমি মানুষকে নতমস্তকে শ্রদ্ধা জানিয়ে ফিরে যাচ্ছি।"

Goutam Deb: মানুষ প্রত্যাখ্যান করেছেন, ফিরে যাচ্ছি শিলিগুড়ি, আক্ষেপ গৌতমের; খোঁচা দিল বিজেপি
শিলিগুড়ির মেয়র গৌতম দেবImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 21, 2026 | 9:45 AM

শিলিগুড়ি: দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে ৫ বছর আগের হারের যন্ত্রণা ঝরে পড়ল শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কণ্ঠে। ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছিলেন তিনি। আসন্ন নির্বাচনের আগে সেই নিয়ে আক্ষেপ করে তৃণমূল নেতা গৌতম দেব জানিয়ে দিলেন, ডাবগ্রাম-ফুলবাড়ি থেকে চলে যাচ্ছেন তিনি। জন্মভূমি শিলিগুড়িতে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। তাঁর এই ইচ্ছে নিয়ে খোঁচা দিল বিজেপি।

২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম। একুশের নির্বাচনে শিখা চট্টোপাধ্যায়ের কাছে ২৮ হাজার ভোটে তিনি হারেন। দিন কয়েক আগে টিভি৯ বাংলায় গৌতম দেব জানিয়েছিলেন, ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষ তাঁকে চাইছেন। কিন্তু শুক্রবার ফুলবাড়িতে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়ে একুশের হার নিয়ে আক্ষেপ ঝরে পড়ে তাঁর কণ্ঠে।

ওই অনুষ্ঠানে গৌতম দেব বলেন, “৫ বছর আগে ডাবগ্রাম-ফুলবাড়ি আমাকে ফিরিয়ে দিয়েছিল। মানুষ বুঝবেন, যে বিধায়ককে তাঁরা এনেছেন, তিনি ৫ বছরে কী করেছেন। আর আমি ১০ বছরে কী করেছিলাম। আমি হারার ২ দিনের মধ্যে মেয়র হয়ে শিলিগুড়িতে চলে গিয়েছি। আমার কোনও অসুবিধা হয়নি। অসুবিধা হয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষের। আমি আর ডাবগ্রাম-ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না। প্রকাশ্যেই একথা বলে গেলাম। সময় সুয়োগ হলে কিছু কাজ আমি অবশ্যই করব। আমি শিলিগুড়ির দিকে ফিরে যাচ্ছি। জন্মভূমির দিকে ফিরে যাচ্ছি। এখানকার মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এবং যেভাবে প্রত্যাখ্যান করেছেন, দুটোই আমার মনে রয়েছে। আমি নীরবে মানুষের রায় মেনে চলে গিয়েছি। আমি প্রথম ২-৩ বছর এখানে ঢুকিনি। আমার ইচ্ছে করত না এখানে আসতে। কাজ করবে তৃণমূল কংগ্রেস, ভোট দেব বিজেপিকে। এটা হতে পারে না। এর একটা শেষ হওয়া দরকার। আশা করব, মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে জেতাবেন।”

পরে সাংবাদিকদের প্রশ্নেও ৫ বছর আগের হারের আক্ষেপ ঝরে পড়ে গৌতম দেবের কণ্ঠে। তিনি বলেন, “এখানকার বিজেপি সাংসদ কোনও উন্নয়নের কাজ করেননি। বিধায়কও গত ৫ বছরে কোনও উন্নয়ন করেননি। তারপরও যদি মানুষ তাদের ভোট দেয়, জোর করে তো কিছু করা যাবে না। দুঃখ থাকবে। আক্ষেপ থাকবে। কেউ চাইলেও আমি আর আসছি না ডাবগ্রাম-ফুলবাড়িতে। আমাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। আমি মানুষকে নতমস্তকে শ্রদ্ধা জানিয়ে ফিরে যাচ্ছি। যদি দল প্রার্থী করে, তাহলে শিলিগুড়িতে দাঁড়াব। তবে ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষ আমাকে ২ বার জিতিয়েছেন। ফলে আমি মানুষের কাছে ঋণী। সেই ঋণ আজীবন শোধ করব।”

গৌতম দেবের আক্ষেপ ও ইচ্ছে নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “উনি বুঝেছেন, এবারও ডাবগ্রাম-ফুলবাড়িতে দাঁড়ালে ডুবতে হবে। তাই ডুবতে যখন হবে, তখন শিলিগুড়িতেই ডুববেন বলে মনস্থির করেছেন। তবে ডাবগ্রামের থেকে শিলিগুড়িতে বেশি ভোটে হারবেন। এটা আগে থেকে বলে দিতে পারি। শিলিগুড়ির মানুষ ইতিমধ্যে খেলে দিয়েছেন। শিলিগুড়ির মানুষের হৃদয়ে আর তৃণমূল কংগ্রেস নেই। বিজেপির পদ্ম গেঁথে গিয়েছে।” প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে শিলিগুড়িতে সমস্ত বুথেই হেরেছিল তৃণমূল। নিজের বুথেই লিড দিতে পারেননি মেয়র।