Nipah Virus: নিপা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু রাজ্যে
রাজ্যে নিপা সংক্রমণের ঘটনায় তৎপর হয় স্বাস্থ্য মন্ত্রক। দিল্লি থেকে একটি টিমও আসে রাজ্যে। যে এলাকার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে বাড়ি বাড়ি গিয়ে খোঁজও চালানো হয়। গত ৪ জানুয়ারি থেকে দুই নার্স ভর্তি ছিলেন বারাসতের ওই হাসপাতালে। ৩৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল এক নার্সের।

বারাসত: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের হদিশ পায় স্বাস্থ্য দফতর। দুই স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর এবার নিপায় মৃত্যু। ওই দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁদের।
গত ৪ জানুয়ারি থেকে দুই নার্স ভর্তি ছিলেন বারাসতের ওই হাসপাতালে। ৩৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল এক নার্সের। জানা গিয়েছে, কাটোয়ার বাসিন্দা ওই নার্স জ্বর ও ডায়েরিয়ায় আক্রান্ত হন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বারাসতে ওই বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল দুজনকেই। একজন কয়েকদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান। পরে আরও দু’জনকে ভর্তি করা হলেও তাঁদের শরীরে নিপার খোঁজ পাওয়া যায়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের টিম বাড়ি বাড়ি খোঁজ নিয়ে জানতে পারে খেঁজুরের রস খেয়েই নিপা আক্রান্ত হয়েছিলেন ওই নার্স। চিকিৎসকরা জানাচ্ছেন, খেঁজুরের রস বা বাদুড় খায়, এমন সব ফল থেকে ছড়াতে পারে নিপা ভাইরাস।
প্রাথমিক লক্ষণ দেখে আলাদা করে বোঝার উপায় থাকে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রথমে জ্বর, সর্দি, মাথা ধরার মতো উপসর্গ দেখা যায়, তারপর ক্রমশ শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব পড়তে শুরু করে। যে নার্সের মৃত্যু হয়েছে, তিনি সম্প্রতি সুস্থই হয়ে উঠছিলেন, কিন্তু নিপার প্রভাব যেভাবে তাঁর শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে, তাতেই মৃত্যু হয় বলে জানা যাচ্ছে।
