Kazi Abdur Rahim: ‘কংগ্রেসের থেকে হাইজ্যাক করেছিল, এবার মমতার থেকেই হাইজ্যাক হয়ে গেল’, ২১ জুলাই নিয়ে কটাক্ষ প্রাক্তন বিধায়কের
EX TMC MLA on 21 July: অভিষেকের কাজকর্মের ফল ভোগ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এমনই অভিযোগ তুলে কাজী আব্দুর রহিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে দল করেছিলেন। একদিকে দল আর একদিকে ভাইপো । ভাইপোকে দেখতে গিয়ে এই ভাইপোর অত্যাচার, দুর্নীতি, তোলাবাজি, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অসহায়।"

বাদুড়িয়া: ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। একদিকে কালীঘাট শিবির, আরেকদিকে ঋতব্রত (Ritabrata Banerjee) শিবির। ভাগ হয়েছে ২১ জুলাইও। রাজ্যের বিরোধী দল থাকাকালীন সময় থেকেই ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালন করে আসছে তৃণমূল (TMC)। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কণ্ঠস্বর শোনার জন্য আসতেন হাজার হাজার মানুষ। অথচ সেই মমতাই ২১ জুলাইয়ের উত্তরাধিকার হারাচ্ছেন? সবটাই পাপের ফল। এমনটাই বলছেন বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম। টিকিট না পেয়ে ভোটের আগেই তৃণমূল ছেড়েছিলেন তিনি। কংগ্রেসে ফেরেন তিনি। এবার ২১ জুলাই নিয়ে তিনিও বিস্ফোরক মন্তব্য করলেন।
২১ জুলাই নিয়ে কাজী আব্দুর রহিম বলেন, “পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হয়। কংগ্রেসের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে নেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবকিছু হাইজ্যাক হয়ে গেল।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee) কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
‘অভিষেকের কাছে টাকাই সব…’
অভিষেকের কাজকর্মের ফল ভোগ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এমনই অভিযোগ তুলে কাজী আব্দুর রহিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে দল করেছিলেন। একদিকে দল আর একদিকে ভাইপো । ভাইপোকে দেখতে গিয়ে এই ভাইপোর অত্যাচার, দুর্নীতি, তোলাবাজি, এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ অসহায়। দলের সমস্ত নেতা,নির্বাচিত জন-প্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গিয়েছে। এটা ভাগ্যের পরিহাস।…অভিষেকের কাছে দল কোনও ফ্যাক্টর ছিল না , টাকাই সবকিছু।”
আর কী বললেন প্রাক্তন বিধায়ক?
অভিষেকের বিরুদ্ধে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক। তাঁর দাবি, অভিষেকের আসল রূপ দেখেছিলেন গতবারের পঞ্চায়েত ভোটে। এই বিষয়ে কাজী আব্দুর রহিম বলেন, “২০২৩ সালে অভিষেকের আসল রূপটা দেখেছিলাম পঞ্চায়েত ভোটে। জেলা সফরে বেরিয়েছিলেন অভিষেক। তখন টাকার বিনিময়ে সবকিছু হয়েছে। যাঁরা টাকা দিয়েছিল, তাঁরাই টিকিট পেয়েছিলেন। আমি টাকা দিতে পারেনি তাই টিকিট পায়নি। সেদিন বুঝেছিলাম অভিষেকের কার্যকলাপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে একদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাহিদা অর্থ ,অর্থ আর অর্থ।
ঘটনায় তৃণমূলকেই তীব্র কটাক্ষ করেছে রাজ্যে শাসক দল বিজেপি। বসিরহাট জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ পাল বলেন, “বাংলায় তৃণমূল বলে কিছু নেই। তৃণমূল এখন একটা অদৃশ্য আত্মা। কিছুদিন পরে সেই আত্মাও দেখা যাবে না। কে কোথায় ২১ জুলাই পালন করছে সেটা বিজেপির দেখার বিষয় নয়। মানুষের জন্য কাজ করাই বিজেপির উদ্দেশ্য।”
