
হুগলি: এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য এখনও পর্যন্ত এত মানুষের নাম তালিকায় বিচারাধীন। তেমনই দাবি করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার পাণ্ডুয়ার গ্রামীণ হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত রোগীদের জন্য বিশেষ রুম ও অ্যাম্বুলেন্স ওয়েটিং সেটের উদ্বোধন করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসআইআর-এর তালিকা নিয়ে মুখ খোলেন রচনা।
তালিকায় নাম বাদ প্রসঙ্গে রচনা বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে এর জন্যই লড়াই করেছেন। তিনি লড়াই করেছেন বলেই এখনও ওয়েটিং লিস্টে অনেক নাম রয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি, আগামী দিনে এখান থেকে অনেকের নাম বার করে আনতে পারব।” তাঁর অভিযোগ, “বিজেপি অনেকরকমভাবে চেষ্টা করছি, তৃণমূল কংগ্রেসের হাত-পা ডানা কাটার। আমরা সব রকম ভাবে চেষ্টা করছি লড়াই করার। আগামী দিনে লড়াইয়ের জোরদার হবে। দিদি আদালতে গিয়ে লড়াই করছেন যাতে বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। এই লড়াই আমরা সবাই সামিল হয়েছি।” বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, “এইভাবে কি বাংলার মানুষের মন বদলানো যাবে?”
ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে রচনা বলেন, “এটা খুব দুঃখের বিষয়। দুবাইয়ের উপর মিসাইল হানা হচ্ছে। অনেক মানুষ আটকে রয়েছে। সকলে দেশে ফিরে আসুক সুস্থ ভাবে, সেটাই চাই।”