Hooghly: রোগীর জন্য ‘বেড খালি নেই’, দিব্যি শুয়ে সারমেয়
Gourhati ESI Hospital: ঘটনাটি নিয়ে শোরগোল পড়ার পর গৌরহাটি ইএসআই হাসপাতালের সুপার সোমনাথ পান্ডে বলেন, "হাসপাতালের বেডে কুকুর শুয়ে থাকবে, এটা কাম্য নয়। সেই ভিডিয়ো আমার কাছে এসেছে। এটা নিশ্চয়ই কাম্য নয়। যাঁরা এই সময়ে দায়িত্বে ছিলেন, তাঁদের শোকজ করে তদন্ত হবে।"

হুগলি: হাসপাতালে সারি দিয়ে বেড। শুয়ে রয়েছেন রোগীরা। এক রোগীকে ইঞ্জেকশন দিতেও দেখা যাচ্ছে একজন নার্সকে। আর ওই রোগীদের মাঝেই একটি খালি বেডে দিব্য়ি শুয়ে রয়েছে একটি সারমেয়। হুগলির গৌরহাটি ইএসআই হাসপাতালের এমনই একটি ছবিকে ঘিরে শোরগোল পড়েছে। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের বক্তব্য, এমন হলে প্রশাসনের পদক্ষেপ করা দরকার। এই ঘটনা কাম্য নয় বলে জানিয়ে তদন্তের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের যে বেডে রোগীর থাকার কথা। সেই বেডে শুয়ে আছে সারমেয়। হুগলির চন্দননগরের অ্যাঙ্গাস গৌরহাটি ইএসআই হাসপাতালের এই ছবি সামনে আসার পর বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, “জুটমিল শ্রমিকরা এলে বলে বেড নেই। আর দেখা গেল সেই বেডে কুকুর শুয়ে আছে।”
বিজেপি নেত্রী কেয়া ঘোষ এদিন হুগলিতে আসেন। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “এটা স্বাভাবিক দৃশ্য। মানুষের জন্য হাসপাতালের বেডে কুকুর। কয়েকদিন আগে দেখা গিয়েছে, এক শিশুর মাথা নিয়ে গিয়েছে কুকুর (জলপাইগুড়ির ঘটনা)। তাদের অবাধ যাতায়াত। এরকম অনেক জায়গাতেই হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক।এরাজ্য আরও অনেক ছবি দেখেছে। এখানে কুকুরের ডায়ালিসিস মানুষের হাসপাতালে হয়।” ঘটনাটি নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “এটা আমার জানা নেই। খবর নেব। এমন ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করব।”
ঘটনাটি নিয়ে শোরগোল পড়ার পর গৌরহাটি ইএসআই হাসপাতালের সুপার সোমনাথ পান্ডে বলেন, “হাসপাতালের বেডে কুকুর শুয়ে থাকবে, এটা কাম্য নয়। সেই ভিডিয়ো আমার কাছে এসেছে। এটা নিশ্চয়ই কাম্য নয়। যাঁরা এই সময়ে দায়িত্বে ছিলেন, তাঁদের শোকজ করে তদন্ত হবে। আমাদের ২১৬ বেডের হাসপাতালে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নেই। এটাও বাড়ানোর ব্যবস্থা করা হবে।”
