
গোঘাট: রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে আগুন! ফ্ল্যাগ ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বেই আগুন লাগিয়েছে তৃণমূল।
গোঘাটের নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে আগুন দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। এমনকী তৃণমূলের পতাকা ও ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারাই রাতে পুলিশকে খবর দেয়।
গোঘাট থানার পুলিশ গিয়ে আগুন নেভায়। যদিও তৃণমূলের অভিযোগ, এলাকায় বিজেপির পতাকা পতপত করে উড়লেও পার্টি অফিসে থাকা তৃণমূলের পতাকাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকী তৃণমূলের পার্টি অফিসের দরজায় আগুনের দাগ স্পষ্ট। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের বিভিন্ন অঞ্চল কমিটি ঘোষণার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল। কখনও গোঘাটে তৃণমূল ব্লক পার্টি অফিসে তালা দেওয়া থাকে, কখনও পথ অবরোধ করে তৃণমূলের কর্মী সমর্থকরা।
এমনকী কুলিয়ার পার্টি অফিসেও কিছুদিন আগে তালা দেওয়ার ঘটনা ঘটেছিল। বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেই দাবি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দোলন দাসের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দেই এই ঘটনা ঘটেছে।