Indranil Sen House: ইন্দ্রনীলের ‘নাচমহলে’ রাত বাড়লেই বাজত ঝুমুর! গ্রামবাসীরা ঘুমিয়ে পড়লেই সেজে উঠত ‘মোহর’, বলছেন বাসিন্দারা
Singur-Indranil Sen: বাসিন্দাদের আরও অভিযোগ, এই বাগানবাড়ি তৈরির ক্ষেত্রে নিকাশি বন্ধ করে পঞ্চায়েতে টাকায় নিয়ম বহির্ভূত ভাবে রাস্তা তৈরি করে দেওয়া হয়। বাগানবাড়ির জায়গা নেওয়ার ক্ষেত্রে সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাহায্য করেছিলেন বলেও দাবি করা হচ্ছে।

সিঙ্গুর: ভুল বুঝিয়ে পুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে ছিলেন প্রাক্তন মন্ত্রী। এমনই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইন্দ্রনীল সেনকে (Indranil Sen)। তবে শুধু একটা অভিযোগ নয়, আরও দুর্নীতির অভিযোগ সামনে আসছে তাঁর বিরুদ্ধে। ইন্দ্রনীল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা কাছের ছিলেন, সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন অনেকেই। এবার তিনি গ্রেফতার হওয়ার পরই তাঁর বাগানবাড়ির সামনেই দেখা গেল বিক্ষোভের ছবি।
বৃহস্পতিবার সকাল থেকে সিঙ্গুরে ইন্দ্রনীলের বিলাসবহুল বাগানবাড়ি ‘মোহর’-এর সামনে বিক্ষোভ দেখান বিজেপিকর্মীরা। কোমরে দড়ি বেঁধে ইন্দ্রনীল সেন সাজানো হল এক ব্যক্তিকে, ‘চোর ধরা পড়েছে’ লিখে জুতো ঝুলিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রীর ছবিতে। বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতির কোটি কোটি টাকায় তৈরি করা হয়েছে বাগানবাড়ি।
এর সঙ্গে আরো অনেকে জড়িত আছে বলে অভিযোগ বিজেপিকর্মীদের। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা।
কী হত বাগানবাড়িতে?
সিঙ্গুরের বাগডাঙা ছিনামোর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ইন্দ্রনীলের বাগানবাড়ি। তার ভিতরে রয়েছে সুইমিং পুল, নাচমহল। সেখানে আমোদ প্রমোদ হত বলে অভিযোগ বাসিন্দাদের। এলাকার এক বাসিন্দা বলেন, “রাত ১১টা বাজলেই ঝুমুর আওয়াজ পাওয়া , নর্তকী, অপ্সরারা আসত। এখানে গ্রামের মানুষ রাত ৯টা বাজলেই ঘুমিয়ে পড়ে। তারপর নেতা-মন্ত্রীরা লালবাতি জ্বালিয়ে এসে আমোদ প্রমোদ করত।”
বাগানবাড়ি নিয়ে আরও অভিযোগ
বাসিন্দাদের আরও অভিযোগ, এই বাগানবাড়ি তৈরির ক্ষেত্রে নিকাশি বন্ধ করে পঞ্চায়েতে টাকায় নিয়ম বহির্ভূত ভাবে রাস্তা তৈরি করে দেওয়া হয়। বাগানবাড়ির জায়গা নেওয়ার ক্ষেত্রে সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাহায্য করেছিলেন বলেও দাবি করা হচ্ছে।
