Arambag: ২০ মাস বেতন মেলেনি, ‘দিদিকে বলো’তে ফোন করতেই মিলল ঘাড় ধাক্কা

Arambag: সেখানে তাদের জানতে চাওয়া হয় 'কেন দিদিকে বলতে ফোন করে জানানো হয়েছে ?' অস্থায়ী কর্মীদের সঙ্গে আধিকারিকের বাক- বিতণ্ডা চলার মাঝেই অস্থায়ী কর্মীদের জাত তুলে গালি দেওয়া হয় বলে অভিযোগ। অফিস থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। শুক্রবার ওই দুই অস্থায়ী কর্মীকে অফিসের গেটের ভেতর ঢুকতে দেওয়া হয়নি।

Arambag: ২০ মাস বেতন মেলেনি, দিদিকে বলোতে ফোন করতেই মিলল ঘাড় ধাক্কা
ধরনায় দুই মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 25, 2026 | 3:38 PM

আরামবাগ: ২০ মাস বেতন মেলেনি অস্থায়ী কর্মীদের। বাধ্য হয়ে দিদিকে বলোতে ফোন। দিদিকে বলতে ফোন করায় জাত তুলে ঘাড়ধাক্কা দেওয়ার অভিযোগ অস্থায়ী মহিলা কর্মীদের। প্রতিবাদে PWD-র অফিসের সামনে ধরনা অস্থায়ী কর্মীদের। জানা গিয়েছে, PWD-র অফিসে অস্থায়ী দুই কর্মীর প্রায় কুড়ি মাস বেতন মেলেনি। বারবার আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও ফল হয়নি। বাধ্য হয়ে পারিশ্রমিক মেলার আশায় ‘দিদিকে বলো’ ফোন নম্বরে ফোন করেন দুই অস্থায়ী কর্মী। সেই খবর আধিকারিকের কাছে পৌঁছতে গত বৃহস্পতিবার দুই অস্থায়ী কর্মীকে আরামবাগ PWD-র অফিসের আধিকারিক মোনজুর হোসেন বিকালে ডেকে পাঠায় বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের।

সেখানে তাদের জানতে চাওয়া হয় ‘কেন দিদিকে বলতে ফোন করে জানানো হয়েছে ?’ অস্থায়ী কর্মীদের সঙ্গে আধিকারিকের বাক- বিতণ্ডা চলার মাঝেই অস্থায়ী কর্মীদের জাত তুলে গালি দেওয়া হয় বলে অভিযোগ। অফিস থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। শুক্রবার ওই দুই অস্থায়ী কর্মীকে অফিসের গেটের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। সোমবার থেকেই ওই দুই অস্থায়ী কর্মী PWD অফিসের গেটের সামনে হাতে পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেছেন।

বুধবার এই খবর পেয়েই আরামবাগ PWD অফিসে আধিকারিকের সঙ্গে দেখা করতে যান আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। আধিকারিকদের সঙ্গেও ওই দুই অস্থায়ী কর্মীদের সঙ্গে কথা বলেন। বিধায়কের সঙ্গে অস্থায়ী কর্মীরা PWD অফিসের গেটের ভেতর ঢুকে গেলে তাঁদেরও বার করে দেওয়া হয়। বিধায়কের দাবি, আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যাবে। যদিও এই নিয়ে তৃণমূল রাজ্য সম্পাদকের দাবি তিনি বিষয়টি কিছু জানেন না খোঁজখবর নিয়ে দেখছেন। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের বক্তব্য, “সরকারের দৈন্য দশাই দেখতে পাওয়া গেল। কর্মবন্ধু প্রকল্পে যাঁরা কাজ করেন, তাঁরা কয়েক মাস বেতন পাননি। এটা নিয়ে কথা বলতে গিয়ে অফিসারের মধ্যে বিতণ্ডা হয়। তাতে দুপক্ষই অপমানিত হয়। এই সমস্যা মিটিয়ে কাজের সুষ্ঠ পরিবেশ তৈরি করতে হবে।”