Singur political tension: দুর্নীতির প্রতিবাদ করেছিলেন, TMC নেতার স্ত্রীকে হেনস্থার অভিযোগ
Singur Political Tension Harassment Case: সিঙ্গুরের খাসের ভেরি এলাকায় তৃণমূলের এক পথসভা থেকে দুধকুমার ধারার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। প্রাক্তন তৃণমূল নেতা তথা সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম মুখ দুধকুমার বর্তমানে 'সিঙ্গুর বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি' গড়ে দলের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছেন। সভায় এই ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ করেন তাঁর স্ত্রী মধুমিতা ধারা।

হুগলি: ভোটের প্রাক লগ্নে ফের উত্তপ্ত সিঙ্গুর। স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রতিবাদ জানানোয় প্রাক্তন তৃণমূল নেতা দুধকুমার ধারার স্ত্রীকে হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত ২৩ এপ্রিল। সিঙ্গুরের খাসের ভেরি এলাকায় তৃণমূলের এক পথসভা থেকে দুধকুমার ধারার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। প্রাক্তন তৃণমূল নেতা তথা সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম মুখ দুধকুমার বর্তমানে ‘সিঙ্গুর বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি’ গড়ে দলের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছেন। সভায় এই ব্যক্তিগত আক্রমণের প্রতিবাদ করেন তাঁর স্ত্রী মধুমিতা ধারা।
অভিযোগ, এরপরই তৃণমূল নেতা মানিক দাসের নেতৃত্বে একদল কর্মী তাঁর বাড়িতে চড়াও হয়। মধুমিতাদেবীকে অকথ্য গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। এমনকি নির্বাচনের ফলাফল প্রকাশের দিন পরিবারকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হয় বলে দাবি, যার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
মধুমিতা ধারার অভিযোগ, দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে নিশানা করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতা মানিক দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, “সভা শেষে ফেরার পথে দুধকুমারের পরিবারের সদস্যরা আমাদের গালিগালাজ করেছিলেন, তাঁদের হেনস্থা করা হয়নি।” এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
