
আরামবাগ: গ্যাসের আকাল। নেই পর্যাপ্ত গ্যাসের জোগানও। তাই বন্ধ হয়ে গেল মুখ্যমন্ত্রীর উদ্যোগের ‘মা ক্যান্টিন’। এই ক্যান্টিন থেকে প্রায় ৭০০ অসহায় ও ভবঘুরেরা পাঁচ টাকার বিনিময়ে অন্ন পেতেন। কিন্তু তা বন্ধ হওয়ার কারণে হতাশ এই সমস্ত পরিবার। বাধ্য হয়ে খড় কুটো,কাগজ,গাছের ডালপালা কুড়িয়ে, মাটির উনুন তৈরি করে, আগুন জ্বালিয়ে কোন রকমে দিন গুজরান করছেন তাঁরা। ঘটনাটি আরামবাগের।
জানা গিয়েছে, হুগলির আরামবাগের বাঁধ পাড়া এলাকার শতাধিক পরিবার অত্যন্ত গরিব। সারা বছর ধরে তাঁরা চিন্তায় থাকেন কীভাবে দিন গুজরান করবেন। খাবারের জন্য তাঁরা মা ক্যান্টিনের উপরই নির্ভরশীল। পাশেই রয়েছে দ্বারকেশ্বর নদী। প্রতি বছর বর্ষায় সেই নদীর জল উপচে পড়ে ভাসায় এলাকা। তখন তাঁদের ত্রিপল খাঁটিয়ে থাকতে হয় বাঁধের উপরেই। তবে, পাঁচ টাকার বিনিময়ে খাবার জুটে যেত।
তবে বাধ সাধল মধ্য প্রাচ্যের যুদ্ধ। নেই অন্নের সংস্থান। তাই তারা এধার সেধার ঘুরে শুকনো ডালপালা, কাগজ,পাতা কুড়িয়ে এনে বাড়িতেই উনুন জ্বালিয়ে দিন গুজরান করছেন।অ সহায় অবস্থায় আপাতত তাদের ঠিকানা এমনই। যদিও, পুরসভার পক্ষ থেকে মা ক্যান্টিন খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কাঠের উনুনেই আপাতত রান্না করার চেষ্টা করা হবে। আর অন্তত এটাই আপাতত একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। তবে এখন অপেক্ষা ছাড়া কিছু করার নেই। তাই উনুন জ্বালিয়েই চেয়ে চিনতে কুড়িয়ে বাড়িয়ে চলছে তাঁদের।
পুজা অধ্যায় বলেন, “গ্যাসের সমস্যা। জ্বালানি কুড়িয়ে এনে রান্না করছি কোনও রকমে। বাড়িতে ছোট ছেলে আছে। খেতে দিতেও পারছি না। মা ক্যান্টিনে খাবার আনতে যাচ্ছিলাম দেখি সেটাও বন্ধ হয়ে গিয়েছে।”