India-Bangladesh: ওপার বাংলায় নির্বাচিত সরকার আসতেই বাংলাদেশিদের নিয়ে বিরাট সিদ্ধান্ত এপার বাংলায়!

Bangladeshis in India: বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর, মহম্মদ ইউনূসের জমানায় ভারত-বাংলাদেশের সম্পর্কের উত্তরোত্তর অবনতি হয়। তখন বাংলাদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করে দেয় শিলিগুড়ির হোটেল মালিক সংগঠন। এবার সেই দরজা খুলতে চলেছে। 

India-Bangladesh: ওপার বাংলায় নির্বাচিত সরকার আসতেই বাংলাদেশিদের নিয়ে বিরাট সিদ্ধান্ত এপার বাংলায়!
বাংলাদেশিদের হোটেল পেতে সমস্যা হবে না আর।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 17, 2026 | 7:00 PM

শিলিগুড়ি: মহম্মদ ইউনূসের আমলে কট্টর মৌলবাদীদের রোষের মুখে পড়েছিল উত্তরবঙ্গের চিকেনস নেক। ওপার বাংলায় বাড়তে থাকে ভারতের প্রতি বিদ্বেষ। একের পর এক উসকানিমূলক মন্তব্য, সেভেন সিস্টার্স দখল করার হুমকি, এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের হোটেল ব্যবসায়ীরা স্পষ্ট জানিয়েছিলেন বাংলাদেশিরা ভারতে এলে, তাদের হোটেল দেওয়া হবে না। এবার নির্বাচিত সরকার আসতেই এবং ভারতকে নতুন সরকারের শপথ গ্রহণে আমন্ত্রণ করার পর সেই বিধিনিষেধ তুলে নিতে চলেছেন উত্তরবঙ্গের হোটেল ব্যবসায়ীরা।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর, মহম্মদ ইউনূসের জমানায় ভারত-বাংলাদেশের সম্পর্কের উত্তরোত্তর অবনতি হয়। তখন বাংলাদেশি পর্যটকদের জন্য দরজা বন্ধ করে দেয় শিলিগুড়ির হোটেল মালিক সংগঠন। এবার সেই দরজা খুলতে চলেছে। বাংলাদেশি পর্যটকদের আর উত্তরবঙ্গে হোটেল পেতে অসুবিধা হবে না।

শিলিগুড়িতে গ্রেটার শিলিগুড়ি হোটেল মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জল ঘোষ বলেন, “দুই বাংলা এক বৃন্তে দুটি কুসুম। ওপার বাংলার সঙ্গে আমাদের নাড়ির টান। ভারতীয় হিসেবে আমরা গর্বিত। বাংলাদেশের কট্টর মৌলবাদীরা যখন চিকেন নেক সহ উত্তর-পূর্বকে টার্গেট করছিলেন, তখন কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হইনি। কিন্তু এখন স্থায়ী সরকার এল। ভারত আমন্ত্রিত। আশা করছি এবার সুস্থির পথে উন্নতির দিকে বাংলাদেশ এগোবে। ভারতকে শত্রু ভাববেন না। এই আশা রেখেই আমরা ব্যান তুলে নিচ্ছি। বাংলাদেশী অতিথিরা সবাইকে স্বাগত উত্তরবঙ্গে।”

অন্যদিকে, হোটেল মালিক সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার রৌণক আগরওয়াল বলেন, “আমরা ব্যবসা করি ঠিকই। কিন্তু দেশ সবার আগে। তাই দেশের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার তা তুলে নিচ্ছি। অতিথিরা আসুন, কিন্তু ভারতকে মর্যাদা ও সম্মান দিয়ে আসুন।”