HS Exam: পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে HS-র ৬ শিক্ষক-শিক্ষিকা, ছুটে এল পুলিশ
Road Accident: ঘটনার পর মূলত স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। খবর যায় পুলিশেও। খবর পেয়ে ছুটে আসে কোতয়ালি থানার পুলিশ। তাঁরাই আহত শিক্ষককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। একইসঙ্গে ঘাতক গাড়িরও খোঁজ মিলছে।

জলপাইগুড়ি: পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে উচ্চমাধ্যমিকের ছয় শিক্ষক-শিক্ষিকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি, ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়া এলাকায়। মঙ্গলবার সকালে এখানেই শিক্ষক-শিক্ষিকা ভর্তি গাড়িতে সজোরে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। চালকের তৎপরতায় বড় কোনও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেলেও চোট-আঘাত লেগেছে শিক্ষক-শিক্ষিকাদের। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকিদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।
আহত এক শিক্ষিকা বলেন, “আমাদের গাড়ি যখন আসছিল তখন পিছন থেকে একটা গাড়ি ধাক্কা মেরে দেয়। আমাদের ড্রাইভারের হাত খুব ভাল বলে উনি কোনওমতে সামলান। একটা গর্তের মধ্য়ে গাড়িটা পড়ে যায়। গাড়ির মধ্যে ততক্ষণে আমরা সবাই উল্টে-পাল্টে পড়ে গিয়েছি। আমরা সবাই কমবেশি আহত হয়েছি।”
গাড়ির চালক বলছেন, “আমার গাড়িটা তখন ৪০ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ছুটছিল। তখনই অন্য একটা গাড়ি পিছন থেকে ধাক্কা মারে। অনেক শিক্ষকই আহত হয়েছেন। একজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।” ঘটনার পর মূলত স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান। খবর যায় পুলিশেও। খবর পেয়ে ছুটে আসে কোতয়ালি থানার পুলিশ। তাঁরাই আহত শিক্ষককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। একইসঙ্গে ঘাতক গাড়িরও খোঁজ মিলছে। একইসঙ্গে আহতদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
