Annapurna Yojana: ব্যান্ড বাজিয়ে, আবির মেখে উৎসব, অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে আনন্দে মাতলেন মহিলারা
Women celebrate Annapurna Yojana payment in Dhupguri: অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও মহিলাকেই একেবারে বাদ দেখানো হয়নি অন্নপূর্ণা যোজনায়। কেউ যদি মনে করেন, তিনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেম করতে পারেন। নতুন করে ভেরিফিকেশন হবে। সেখানে যোগ্য বিবেচিত হলে, তিনি টাকা পাবেন।

ধূপগুড়ি: প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার। অগস্টে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। যোগ্য কারও নাম বাদ পড়লে, নতুন করে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আনন্দে জলপাইগুড়ির ধূপগুড়ির খট্টিমারিতে ব্যান্ড বাজিয়ে কার্যত উৎসবে মাতলেন মহিলারা।
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিভিন্ন জায়গায় যখন বিক্ষোভের ছবি, তখন সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেল খট্টিমারিতে। সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার আনন্দে উৎসবের আবহ। ধূপগুড়ির প্রত্যন্ত খট্টিমারিতে এদিন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে ব্যান্ড বাজিয়ে, আবির খেলায় মেতে উঠলেন মহিলারা।
ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত খট্টিমারি এলাকায় শুক্রবার একজোট হন গ্রামের মহিলারা। রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানাতে নিজেদের প্রাপ্ত টাকা থেকে কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা করে তুলে একটি তহবিল গড়ে তোলেন। এরপর খট্টিমারি স্কুল চৌপতিতে জড়ো হয়ে শুরু হয় আনন্দ-উৎসব। ব্যান্ড বাজিয়ে, গেরুয়া আবির মেখে নাচের তালে মেতে ওঠেন মহিলারা। পরে সেখান থেকে খট্টিমারি সাপ্তাহিক হাটের দিকে রওনা হন তাঁরা। হাতে হাতে বিভিন্ন সামগ্রী নিয়ে গোটা এলাকা পরিক্রমা করেন মহিলারা। তৈরি হয় একেবারে উৎসবের পরিবেশ।
মহিলাদের বক্তব্য, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবে পূরণ হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছতেই সেই আনন্দ তাঁরা একসঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। নতুন সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, “সরকার নিজের কথা রেখেছে।” এদিনের কৃতজ্ঞতা মিছিলকে ঘিরে মহিলাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। একসঙ্গে পা মিলিয়ে তাঁরা গোটা গ্রাম পরিক্রমা করেন। মিছিলে অংশ নেওয়া মহিলাদের হাতে দেখা যায় অন্নপূর্ণা যোজনার বিভিন্ন সামগ্রীও।
অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও মহিলাকেই একেবারে বাদ দেখানো হয়নি অন্নপূর্ণা যোজনায়। কেউ যদি মনে করেন, তিনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেম করতে পারেন। নতুন করে ভেরিফিকেশন হবে। সেখানে যোগ্য বিবেচিত হলে, তিনি টাকা পাবেন। ফলে এখনই টাকা না ঢুকলেও উদ্বেগের কিছু নেই বলে আশ্বাস দিয়েছে সরকার।
