AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: কলকাতাকে টেক্কা দিতে প্রস্তুত ধূপগুড়ির এই পুজো, থিম কী?

Dhupguri Durgapuja: সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। এর গায়ে নিখুঁত কারুকার্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে মাশরুম, কদবেলের চারা, শসার বীজ, পেঁপের বীজ, রুদ্রাক্ষ, কড়ি, হোগলা পাতা এবং কলাগাছের খোল।

Dhupguri: কলকাতাকে টেক্কা দিতে প্রস্তুত ধূপগুড়ির এই পুজো, থিম কী?
ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাবImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 3:58 PM
Share

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের শারদোৎসবের বিগ বাজেটের পুজোগুলিকে টেক্কা দিতে এবার সম্পূর্ণ প্রস্তুত ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব। ৫৮তম বর্ষে পদার্পণ করা এই পুজোয় এবার দর্শনার্থীদের জন্য থাকছে এক অনন্য ও সুদৃশ্য চমক। রাজস্থানের উদয়পুরের বিখ্যাত শিব মন্দিরের আদলে তৈরি মণ্ডপটি ইতিমধ্যেই সমগ্র অঞ্চলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরের শিব মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপটির উচ্চতা প্রায় ৭২ ফুট এবং প্রস্থ প্রায় ৮২ ফুট। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। এর গায়ে নিখুঁত কারুকার্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে মাশরুম, কদবেলের চারা, শসার বীজ, পেঁপের বীজ, রুদ্রাক্ষ, কড়ি, হোগলা পাতা এবং কলাগাছের খোল। প্রায় ৩২ জন দক্ষ কারিগর ও শ্রমিক একটানা দেড় মাসের পরিশ্রমে এই বিশাল আকৃতির মণ্ডপটি নির্মাণ করেছেন।

নজরকাড়া আলোকসজ্জা ও বিনোদনের আয়োজন শুধু মণ্ডপসজ্জাই নয়, আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। চন্দননগরের বিখ্যাত শিল্পীদের তৈরি সুদৃশ্য আলোকসজ্জায় সেজে উঠেছে পুরো পুজো চত্বর। ধূপগুড়ির থানা রোডজুড়ে নির্মাণ করা হয়েছে একাধিক আকর্ষণীয় আলোকতোরণ, যা রাতের আলোকে এক অন্য মাত্রার রূপ দিচ্ছে।

এছাড়াও পুজোকে কেন্দ্র করে প্রাঙ্গণে থাকছে জমজমাট মেলা, হরেক রকমের মুখরোচক খাবারের দোকান এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য দোলনা ও ব্রেক ডান্সের মতো রাইডের ব্যবস্থা। চোখধাঁধানো মণ্ডপ, শৈল্পিক আলোকসজ্জা এবং মেলার এই ত্রিমুখী আকর্ষণে পুজোর কদিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে আশাবাদী দক্ষিণায়ন ক্লাবের উদযাপিত কমিটির সদস্য ও কর্তারা।

Follow Us