KLO on Mamata Banerjee: ‘এরা আবার ভোটে জিতলে…’, গোপন ডেরা থেকে মমতার জন্য বার্তা দিলেন জীবন সিংহ
Kamtapuri: কিছুদিন আগেই গোপন ডেরা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে প্রচারে গিয়ে ঘোষণা করেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হবে। এরপরই সমর্থনের বার্তা দেওয়া হয়।

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী কেএলও-র কমান্ডার ইন চিফ জীবন সিংহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে ফের হুঁশিয়ারি দিলেন ‘কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশন (KLO)’-এর কমান্ডার ইন চিফ জীবন সিংহ। গোপন ডেরা থেকে ভিডিয়ো বার্তা পাঠিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন।
মমতাকে বার্তা জীবনের
মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী-বিরোধী বলে বার্তা দিয়েছেন জীবন সিংহ। তিনি বলেছেন, “কোচবিহারের সভা থেকে মমতা বলেছেন কোচবিহারকে ভাগ হতে দেবেন না। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল চরম রাজবংশী-বিরোধী। এরা রাজবংশীদের খুন করে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এরা আবার ভোটে জিতলে ফের রাজবংশী মানুষের উপর অত্যাচার চালাবে। আমরা যে কোনও মূল্যে কোচবিহার রাজ্য উদ্ধার করবই।”
আলাদা রাজ্যের দাবিতে কোচবিহার জেলার সমস্ত আসনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার বার্তা দিয়ে জীবন সিং দাবি করেছেন, বিজেপি জিতলে তাঁর উদ্দেশ্য সফল হবে।
সমর্থনের বার্তা আগেই দেয় কেএলও
বিজেপিকে সমর্থন করার বার্তা আগেই দিয়েছিলেন জীবন সিংহ। বাংলার বিধানসভা ভোটের মুখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আশ্বাসে আশ্বস্ত হয়েছেন জীবন সিংহ। কিছুদিন আগেই গোপন ডেরা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে প্রচারে গিয়ে ঘোষণা করেছিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করা হবে। এরপরই সমর্থনের বার্তা দেওয়া হয়।
প্রথমে উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা মিলিয়ে মোট ৪০ জন প্রার্থী দিয়েছিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। আর তাতেই রাজবংশী অধ্যুষিত আসনগুলি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। পরে শাহের আশ্বাসে বদলায় পরিস্থিতি। প্রার্থীদের প্রচার বন্ধ করে সমর্থন করার কথা জানায় কেএলও।
