Bikash Ranjan Bhattacharya: ‘রাজ্যে ধর্মের খিচুড়ি রান্না হচ্ছে’, রেগে লাল বিকাশ

CPIM: এদিন দেশের অর্থমন্ত্রী পেশ করছেন কেন্দ্রীয় বাজেট। বাজেট নিয়ে প্রত্যাশার মাঝেই কেন্দ্রকে খোঁচা দিতে ছাড়েননি বিকাশ। কটাক্ষের সুরেই তিনি বলেন, “কেন্দ্রীয় বাজেট পেশ হলেই টাকার দাম আরও কমবে। দেশে অস্থিরতা বাড়বে। বিদেশি বিনিয়োগকারিরা পালাবে দেশ ছেড়ে।”

Bikash Ranjan Bhattacharya: ‘রাজ্যে ধর্মের খিচুড়ি রান্না হচ্ছে’, রেগে লাল বিকাশ
মঞ্চে বিকাশ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 01, 2026 | 7:25 AM

জলপাইগুড়ি: দেশের পাশাপাশি রাজ্যেও ধর্মের খিচুড়ি রান্না হচ্ছে। এর বিরুদ্ধে এবার মানুষকে বলিষ্ঠভাবে রায় দিতে হবে। শনিবার জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে বাম প্রভাবিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি সমিতির ৮২ তম রাজ্য সম্মেলনে এসে সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 

এদিন শিলিগুড়িতে অমিত শাহ বলেছেন তৃণমূলের চেয়ে বামেরা অনেক ভাল। এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “আসলে বিজেপি ভোটের আগে বামেদের ভয় পেয়ে গিয়েছে। ভোট আসলে বিজেপি এইসব কথা বলে। আসলে তৃণমূল রাজ্যে জগন্নাথধাম, মহাকাল মন্দির করছে তা আসলে RSS এর কর্মসূচি। সুকৌশলে আরএসএসের কর্মসূচিকেই বাস্তবায়িত হচ্ছে।”

একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে বিকাশবাবু বলেন, “শিলিগুড়িতে মহাকাল মন্দিরের কাজের সূচনা করেছেন উনি। তাতে  সবচেয়ে বেশি উল্লসিত হয়েছেন ধর্মের ব্যবসায়ীরা। একসময় ইমামদের ভাতা তিনিই দিতেন। মামলায় তা বন্ধ হয়। পরে পুরোহিতরাও ভাতার দাবি করে বসেন। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে ধর্মীয় বিভাজন করে দিয়েছেন।” একইসঙ্গে তাঁর সাফ কথা, SIR এর জন্য দায়ী মমতা ও তাঁর অনুপ্রবেশ তত্ত্ব। মানুষকে SIR এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ।  

অন্যদিকে কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রত্যাশার মাঝেই কেন্দ্রকে খোঁচা দিতে ছাড়েননি বিকাশ। কটাক্ষের সুরেই তিনি বলেন, “কেন্দ্রীয় বাজেট পেশ হলেই টাকার দাম আরও কমবে। দেশে অস্থিরতা বাড়বে। বিদেশি বিনিয়োগকারিরা পালাবে দেশ ছেড়ে।” যদিও হুমায়ুন কবির ও সিপিএমের রাজ্য সময়াদক মহ সেলিম প্রসঙ্গ নিয়ে  বিকাশরঞ্জন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। হুমায়ুনকে তারা হিসেবের মধ্যেই রাখছেন বলে মন্তব্য করেছেন। 

Follow Us