AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik Bhattacharya: ওয়েস্ট বেঙ্গল নয়, ইংরেজিতে রাজ্যের নাম কী হবে, জানিয়ে দিলেন শমীক, শীঘ্রই আনা হচ্ছে বিল

West Bengal Name Change: উত্তরবঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীকের দাবি করেন, পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে। এই ইতিহাস যাতে কেউ ভুলে না যায়, তা সবসময় চাইতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য দেবপ্রসাদ ঘোষরা। তা মাথায় রেখেই রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

Samik Bhattacharya: ওয়েস্ট বেঙ্গল নয়, ইংরেজিতে রাজ্যের নাম কী হবে, জানিয়ে দিলেন শমীক, শীঘ্রই আনা হচ্ছে বিল
শমীক ভট্টাচার্যImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 2:06 PM
Share

জলপাইগুড়ি: ওয়েস্ট বেঙ্গল নয়। এবার ইংরেজিতেও রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। খুব শীঘ্রই বিধানসভায় এই সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি, এমনই বড় দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এর আগে রাজ্যসভায় একই দাবি তুলেছিলেন তিনি। রাজ্যের নাম যাতে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ (Paschimbanga) রাখা হয়, সেই আবেদন জানিয়েছিলেন। এবার এই নিয়ে রাজ্য বড় পদক্ষেপ করতে চলেছে। শমীকের বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট।

কী বলেছেন শমীক?

উত্তরবঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শমীকের দাবি করেন, পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে। এই ইতিহাস যাতে কেউ ভুলে না যায়, তা সবসময় চাইতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য দেবপ্রসাদ ঘোষরা। তা মাথায় রেখেই রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে বলে জানিয়েছেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গ হবে। এই দাবি শুধু শমীক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর নয়। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দাবি নয়। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও পরে দেবপ্রসাদ ঘোষ যখন আচার্য হলেন, তখন তাঁরও একই দাবি ছিল যে ইতিহাসকে যেন ভুলে না যাওয়া হয়। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ …সবাই জানত। সেখান থেকে আমরা যে পশ্চিমবঙ্গ তৈরি করলাম ১৯৪৭ সালের ২০ জুন, তখন ওই প্রস্তাবে কংগ্রেসের যে সব হিন্দু বিধায়ক ছিলেন, তাঁরা ভোট দিয়েছিলেন। এটাই ইতিহাস।”

রাজ্যের নাম নিয়ে কী বললেন?

এরপরই শমীক ভট্টাচার্য স্পষ্ট বার্তা দিয়েছেন,”আজ যাঁরা বাংলা করতে চাইছে, বঙ্গ করতে চায়, ওয়েস্ট বেঙ্গল করতে চায়…এটা হবে না। কোথাও পশ্চিমবাংলা নয়, কোথাও ওয়েস্ট বেঙ্গল নয়। নাম হবে পশ্চিমবঙ্গ। বাংলা হোক বা ইংরেজি। অর্থাৎ PASCHIMBANGA। রাজ্য সরকার বিল আনছে।… যত দ্রুত হোক পশ্চিমবঙ্গ তৈরি হয়ে যাবে।”

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ওয়েস্ট বেঙ্গল(West Bengal)-র নাম পরিবর্তন করে বাংলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত বিল পাসও হয়েছিল বিধানসভায়। তবে, কেন্দ্রের তরফে অনুমোদন দেওয়া হয়নি। বাংলা নামের প্রথম থেকেই বিরোধিতা করে এসেছিল বিজেপি। রাজ্যে পালাবদল হতেই রাজ্যের নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ রাখার দাবি তোলে বিজেপি। মাসখানেক আগে, রাজ্যসভায় দাঁড়িয়ে শমীক জোরালো দাবি করেছিলেন, “আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি, তাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক অতীত আছে। পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল ১৯৪৭ সালের ২০ জুন। সেদিন কংগ্রেসও বলেছিল পাকিস্তান না পশ্চিম পাকিস্তান, তা বিচার্য নয়। বাঙালি হিন্দুদের জন্য একটি আলাদা হোমল্যান্ড দরকার। কিন্তু আমাদের নাম হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বদলে শুধু বাংলা করলে, সেদিন যাঁরা শহিদ হয়েছিলেন, রক্তস্নান করেছিলেন, তাঁদের অবদান বিস্মৃত হয়ে যাব। তাই ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিম বঙ্গাল নয়, পশ্চিমবঙ্গ হওয়া উচিত।”

Follow Us