Jhargram: পেঁয়াজ নিয়ে যাচ্ছিল লরি, ‘ঝাঁঝ’ সামলে চারটি বস্তা বের করতেই থ পুলিশ
Jhargram Cannabis Smuggling Bust: এই মাসে জেলাজুড়ে প্রায় দুই কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে। এর সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। শুভঙ্কর সাউ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমাদের এই রাস্তায় প্রায়ই গাঁজা ধরা পড়ে। আজকে এখানে ধরা পড়েছে। কয়েকদিন আগে কিছুটা আগে ধরা পড়েছিল। সম্ভবত বড় কেউ যুক্ত রয়েছে। না হলে এমন হত না।"

ঝাড়গ্রাম: লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছে পেঁয়াজ। কারও কোনও সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু, গোপন সূত্রে খবর পেয়ে সেই লরিতে তল্লাশি চালাতেই থ হয়ে গেল পুলিশ। পেঁয়াজ ভর্তি লরি থেকে পুলিশ বের করে আনল চারটি বস্তা। যে বস্তাগুলিতে রয়েছে গাঁজা। ঘটনাটি ঝাড়গ্রামের। চার বস্তা গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই পাচারকারীকে আটক করল ঝাড়গ্রাম থানার পুলিশ।
মঙ্গলবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, একটি লরিতে গাঁজা পাচার হচ্ছে। জাতীয় সড়ক ব্যবহার করা হচ্ছে গাঁজা পাচারের জন্য। সেই খবর পেয়েই জাতীয় সড়কে ওত পাতে ঝাড়গ্রাম থানার পুলিশ। ওড়িশা থেকে ঝাড়গ্রামে লরিটি প্রবেশ করতেই আটকায় পুলিশ। তারপর তল্লাশি চালানো হয় লরিতে। উদ্ধার হয় চার বস্তা গাঁজা। যার ওজন প্রায় ৬০ কেজি। পেঁয়াজের বস্তার আড়ালে রাখা ছিল গাঁজার বস্তাগুলি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই গাঁজার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। গাঁজার বস্তাগুলি ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছি।
গাঁজা পাচারের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। এই মাসে জেলাজুড়ে প্রায় দুই কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে। এর সঙ্গে আন্তঃরাজ্য পাচার চক্রের কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। শুভঙ্কর সাউ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের এই রাস্তায় প্রায়ই গাঁজা ধরা পড়ে। আজকে এখানে ধরা পড়েছে। কয়েকদিন আগে কিছুটা আগে ধরা পড়েছিল। সম্ভবত বড় কেউ যুক্ত রয়েছে। না হলে এমন হত না।”
বারবার ঝাড়গ্রামে জাতীয় সড়ক ব্যবহার করে গাঁজা পাচার নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ সূত্রে খবর, গাঁজা পাচার রোধে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তল্লাশি বাড়ানো হয়েছে। সেজন্যই পাচারের সময় উদ্ধার হচ্ছে গাঁজা। এই পাচার চক্রের সঙ্গে জেলার কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
