Malda Left Front: ‘তৃণমূলকে নিয়ে মিছিল করতে হলে আমার মৃত্যু অনিবার্য…’, বিস্ফোরক বাম নেতা
CPIM-Mamata Banerjee: বামফ্রন্টের ঐক্য নিয়ে প্রশ্ন তুলে আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সিপিএম-কেই দায়ী করেছেন। বর্ষীয়ান নেতার অভিযোগ, বামফ্রন্টে থাকা চারটি দলের একজোট হওয়া জরুরি, যেটা সবসময় হয় না। আর বাংলায় যে তৃণমূলের সঙ্গে ঐক্য কোনোভাবেই সম্ভব নয়, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

মালদহ: দিল্লির রাজপথে যখন পাশাপাশি দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সিপিএমের (CPIM) সর্বভারতীয় সম্পাদক এম এ বেবিকে, তখন একসঙ্গে চলার কথায় তীব্র ক্ষোভ প্রকাশ করবেন বাংলার বাম নেতা। দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকা বামেদের ক্ষমতাচ্যুত করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অন্যান্য বিরোধী দলের পাশাপাশি সিপিএমের সঙ্গেও চলতে দেখা যাচ্ছে মমতাকে। আর এতেই আপত্তি বাম নেতার।
মালদহে একদিকে দেখা যাচ্ছে, খাঁ খাঁ করছে বামেদের অফিস, সিপিএমের অফিস কার্যত জনশূন্য। জেলা সম্পাদক মণ্ডলীর ঘরেই ঝুলছে তালা। অন্যদিকে, বিস্ফোরক আরএসপি। আরএসপি-র জেলা সম্পাদকের সাফ কথা তৃণমূলের সঙ্গে হাত মেলানোর থেকে মৃত্যুবরণ করা ভালো।
বামফ্রন্টের ঐক্য নিয়ে প্রশ্ন তুলে আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সিপিএম-কেই দায়ী করেছেন। বর্ষীয়ান নেতার অভিযোগ, বামফ্রন্টে থাকা চারটি দলের একজোট হওয়া জরুরি, যেটা সবসময় হয় না। আর বাংলায় যে তৃণমূলের সঙ্গে ঐক্য কোনোভাবেই সম্ভব নয়, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
সর্বানন্দ পান্ডে বলেন, “১৫ বছর ধরে তৃণমূল অত্যাচার চালিয়েছে। হামলা করেছে, পার্টি অফিস দখল করে নিয়েছে। এখনও মামলা চলছে। সেই তৃণমূলের সঙ্গে এক হয়ে হাঁটার প্রশ্নই নেই।” তিনি বলেন, “আমাকে যদি তৃণমূলের সঙ্গে যৌথভাবে মিছিল করতে বলে, তাহলে বলব ওই বিষ আমি খেয়ে হজম করতে পারব না। মৃত্যু অনিবার্য।”
