Kaligunj: ‘সেই ভোট… সেই বোমা’, তামান্নার মায়ের বুকে ফিরল সেই আতঙ্ক
Bombing: সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কালীগঞ্জের মোলান্দি দক্ষিণপাড়া এলাকায় পেয়ারা বাগানের পাশে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন মীরা ফাঁড়ির পুলিশকে।

কালীগঞ্জ: আবার কালীগঞ্জে প্রচুর পরিমাণে শক্তিশালী সকেট বোমা উদ্ধার। উপনির্বাচনে বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। আবার নির্বাচনের আগে কালীগঞ্জে মোলান্দি ও অন্যান্য এলাকা থেকে শক্তিশালী বোমা উদ্ধার। আতঙ্কিত এলাকার মানুষ। আতঙ্কিত তামান্নার পরিবারও।
কালীগঞ্জে পেয়ারা বাগান ও সরিষা জমির পাশ থেকে উদ্ধার হয়েছে মোট পাঁচটি সকেট বোমা। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কালীগঞ্জের মোলান্দি দক্ষিণপাড়া এলাকায় পেয়ারা বাগানের পাশে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন মীরা ফাঁড়ির পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। পরে শিয়ালখেলা এলাকার একটি সরিষা জমির পাশের বাগান থেকে আরও তিনটি সকেট বোমা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি সকেট বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা বোমাগুলি সেখানে ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এলাকার বাসিন্দা আব্দুস সামাদের বলেন, কী কারণে এভাবে বোমা রাখা হল, কারা রাখল, তা স্পষ্ট নয়। আর এই বোমা দেখে পুরনো আতঙ্ক ফিরছে তামান্নার মায়ের বুকে। তিনি বলেন, “বোমার কথা শুনেই মনে হচ্ছে, সেই ভোট, সেই বোমা। যে বোমায় আমার তামান্নার প্রাণ চলে গেল।” প্রশাসনের কাছে তাঁর একটাই আর্জি, দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় আর ভোট শান্তিপূর্ণভাবে হয়।
