
বসিরহাট: অনলাইন গেমের আসক্তি ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে! এই ঘটনার তদন্তে নেমে হতবাক দুঁদে তদন্তকারীরাও। নিজের বাড়ির ৯ লক্ষ কুড়ি হাজার টাকার সোনার গয়না মাত্র ৪ হাজার টাকায় বিক্রি করে দিল ১৪ বছরের এক নাবালক। ঘটনাটি বাদুড়িয়া থানার অন্তর্গত পান্তাপাড়া গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালক বাড়ির প্রায় ৯ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সোনার গয়না মাত্র ৪ হাজার টাকার বিক্রি করেছেন। এলাকার যুবক অর্জুন মল্লিক ও মনোজিৎ দাসের দুই যুবকের কাছে বিক্রি করে দেয়।
জানা গিয়েছে, বছর চোদ্দোর ওই যুবক বেশ কয়েক বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা তাকে বারণও করেছিলেন। অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন, যাতে ওই কিশোর এই নেশা থেকে বেরিয়ে আসতে পারেন। কিন্তু হাজারও চেষ্টার পর তাকে সেই আসক্তি থেকে বের করে আনা সম্ভব হয়নি।
পরে ওই নাবালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনের কাছ থেকে ওই সোনার গয়নাগুলি উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ অর্জুন মল্লিক ও মনোজিৎ দাস নামের দুই যুবককে গ্রেফতার করে। অর্জুন মল্লিকের বাড়ি পান্তাপাড়া এবং মনোজিৎ দাসের বাড়ি ঈশ্বরীগাছা এলাকায়। আজ গ্রেফতার হওয়া দু’জনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করল বাদুড়িয়া থানার পুলিশ।