BJP Candidate: চিরকালের জন্য চলে গিয়েছে মা, চোখে জল নিয়ে ভোট প্রচারে নেমে পড়ল ছেলে

Election in Bengal: এদিন সকালে সুকৃতিবাবুর বাড়িতে যখন তাঁর স্বর্গীয় মায়ের শ্রাদ্ধানুষ্ঠান, পারলৌকিক ক্রিয়া চলছে, তখনই অন্যদিকে দলীয় পতাকা হাতে কর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করে দিলেন তিনি। সোজা কথায় একদিকে ঘরে শোকের পরিবেশ, কান্নার রোল, অন্যদিকে বাইরে গণতন্ত্রের লড়াই।

BJP Candidate: চিরকালের জন্য চলে গিয়েছে মা, চোখে জল নিয়ে ভোট প্রচারে নেমে পড়ল ছেলে
এলাকার নাগরিক মহলেও চর্চা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 17, 2026 | 2:23 PM

বাদুড়িয়া: দল করেছে প্রার্থী। এরইমধ্যে আবার ছেড়ে গিয়েছে মা। শোকের আবহ গোটা বাড়িতেই। একদিকে মায়ের পারলৌকিক কাজ, অন্যদিকে ভোট প্রচার। দুই কাঁধে দুই কর্তব্য। ব্যক্তিগত শোক সামলে ময়দানে বাদুড়িয়ার বিজেপি প্রার্থী। এবার বাদুড়িয়া থেকে পদ্ম শিবিরের মুখ সুকৃতি কুমার সরকার। গতকালই দলের পক্ষ থেকে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই পরিচিতদের মধ্যেই বিস্তর চর্চার মাঝেই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়ায সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে তাঁর। কিন্তু মনে কার্যত পাথর চাপা দিয়ে মঙ্গলবার সকাল থেকেই ভোটের প্রচারে নেমে পড়লেন তিনি।

এদিন সকালে সুকৃতিবাবুর বাড়িতে যখন তাঁর স্বর্গীয় মায়ের শ্রাদ্ধানুষ্ঠান, পারলৌকিক ক্রিয়া চলছে, তখনই অন্যদিকে দলীয় পতাকা হাতে কর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করে দিলেন তিনি। সোজা কথায় একদিকে ঘরে শোকের পরিবেশ, কান্নার রোল, অন্যদিকে বাইরে গণতন্ত্রের লড়াই। 

এই বিষয়ে সুকৃতি কুমার সরকার বলেন, “মায়ের অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়। তবে দল যখন আমার ওপর ভরসা করে দায়িত্ব দিয়েছে, তখন আমাকেও সর্বস্ব দিয়ে চেষ্টা করতেই হবে দলের জন্য।মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হয়ে আমি বাদুড়িয়ার মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করতে চাই।”

দলের প্রতি সুকৃতিবাবুর এমন নিষ্ঠা দেখে এলাকার ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই করছেন প্রশংসা। স্থানীয় ভোটার সুভদ্রা মিস্ত্রি জানান, “মায়ের কাজের দিনেও যে প্রার্থী মানুষের কথা ভেবে প্রচারে বেরিয়েছেন, তা দেখে বোঝা যায় তিনি দায়িত্ব পালনে কতটা কঠোর। রাজনৈতিক লড়াই তো আছেই, কিন্তু মানুষের জন্য কাজ করার এই মানসিকতা সত্যিই আলাদা।” শোকাতুর মনেও সুকৃতি সরকারের এই লড়াই রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Follow Us