Rekha Patra BJP candidate: ‘ভোটে এবার দাদার পুলিশ আসবে’, রেখা পাত্রের সমর্থনে বিজেপি নেতার মন্তব্যে চরম শোরগোল
Kashem Ali BJP controversy: মঞ্চ থেকে তিনি দাবি করেন, এবারের ভোটে রাজ্যের পুলিশ নয়, দিল্লি থেকে ‘দাদার পুলিশ’ আসবে এবং তাদের লাঠির দৈর্ঘ্য অনেক বেশি হবে। এরপরই উপস্থিত মা-বোনদের উদ্দেশ্যে উস্কানিমূলক নিদান দিয়ে তিনি বলেন, “তৃণমূল রিগিং করতে এলে আপনারা হাতে ঝাঁটা নিয়ে তাদের হালকা করে ছুঁইয়ে পলিশ করে দেবেন, বাকিটা আমাদের কার্যকর্তারা বুঝে নেবে।”

বসিরহাট: বিধানসভা নির্বাচনের আবহে হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুরে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে আয়োজিত এক জনসভায় বিতর্কিত মন্তব্য। আর তা নিয়ে ভোটের একেবারে প্রাক লগ্নে চরম বিতর্ক। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ-সভাপতি কাশেম আলি মন্তব্য করেন ভোটে ‘দাদার পুলিশ আসবে’। আর তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে।
ঠিক কী বলেছিলেন?
মঞ্চ থেকে তিনি দাবি করেন, এবারের ভোটে রাজ্যের পুলিশ নয়, দিল্লি থেকে ‘দাদার পুলিশ’ আসবে এবং তাদের লাঠির দৈর্ঘ্য অনেক বেশি হবে। এরপরই উপস্থিত মা-বোনদের উদ্দেশ্যে উস্কানিমূলক নিদান দিয়ে তিনি বলেন, “তৃণমূল রিগিং করতে এলে আপনারা হাতে ঝাঁটা নিয়ে তাদের হালকা করে ছুঁইয়ে পলিশ করে দেবেন, বাকিটা আমাদের কার্যকর্তারা বুঝে নেবে।” জনসভা শেষেও নিজের মন্তব্যের স্বপক্ষে সুর চড়াতে দেখা যায় তাঁকে।
বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বুলবুল রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোটের মুখে দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা যিনি বললেন, তাঁকে বলব ৪ তারিখ ভোটের ফল দেখে নিতে। জনতার যোগ্য জবাব দেবে।” একই সঙ্গে বুলবুল রহমান নির্বাচন কমিশনের কাছে এই বিজেপি নেতার বিরুদ্ধে দ্রুত ও কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
