Bhatpara political clash: থানায় সামনে বিক্ষোভে অর্জুন-পুত্র, তপ্ত ভাটপাড়া
Pawan Singh BJP rally: বিজেপি প্রার্থী পবন সিংয়ের অভিযোগ, তিনি যখন এলাকায় প্রচার করছিলেন, তখন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে তাঁর দলবল নিয়ে সেখানে চড়াও হন। পবন সিংয়ের দাবি, বিজেপি প্রার্থীর সভা ভণ্ডুল করতে তৃণমূলের লোকজন আগ্রাসী মনোভাব প্রদর্শন করে।

ভাটপাড়া: বিধানসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। শুক্রবার মতি ভবন স্কুলের সামনে নিজের নির্বাচনী প্রচার চালানোর সময় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিংয়ের সভা বানচালের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে দুপক্ষের সংঘর্ষ।
বিজেপি প্রার্থী পবন সিংয়ের অভিযোগ, তিনি যখন এলাকায় প্রচার করছিলেন, তখন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে তাঁর দলবল নিয়ে সেখানে চড়াও হন। পবন সিংয়ের দাবি, বিজেপি প্রার্থীর সভা ভণ্ডুল করতে তৃণমূলের লোকজন আগ্রাসী মনোভাব প্রদর্শন করে। এমনকি প্রচারের সময় উপস্থিত মহিলাদের হুমকি দেওয়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এর প্রতিবাদে বিজেপি সমর্থকদের নিয়ে পবন সিং জগদ্দল থানা ঘেরাও করেন এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, নির্বাচনী বিধি ভেঙে মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং তিনি দ্রুত এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডে। তিনি পালটা দাবি করেন, বিজেপি প্রার্থীর পায়ের তলার মাটি সরে যাওয়ায় তিনি ভুলভাল কথা বলছেন। তাঁর মতে, এলাকায় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, কেবল রাজনৈতিক স্লোগান পাল্টা স্লোগান হয়েছে মাত্র।
