CPIM Party office reopens in West Bengal: বিজেপি ক্ষমতায় আসতেই বামেদের পালে হাওয়া? প্রায় ২০ বছর পর তালা খুলল CPIM-র পার্টি অফিসের

CPIM party office reopens in Chopra: তালা পড়েছিল সেই ২০০৮ সালে। ওই বছর পঞ্চায়েত নির্বাচনের সময়ে অশান্ত পরিস্থিতির জেরে সিপিএমের এই কার্যালয়টি বন্ধ হয়ে যায়। অভিযোগ, তৎকালীন কংগ্রেস নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হাল ছাড়েননি বাম নেতা-কর্মীরা।

CPIM Party office reopens in West Bengal: বিজেপি ক্ষমতায় আসতেই বামেদের পালে হাওয়া? প্রায় ২০ বছর পর তালা খুলল CPIM-র পার্টি অফিসের
চাপানউতোর রাজনৈতিক আঙিনায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 05, 2026 | 3:59 PM

বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট 

চোপড়া: কেটেছে শূন্যের গেরো। ডোমকল হাতে এসেছে বামেদের। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই যেন একটু একটু করে হারানো জমি ফিরে পাচ্ছে বামেরা। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ভৈষপিটা এলাকায় দীর্ঘ প্রায় দুই দশক পর ফের খুলল CPIM-এর দলীয় কার্যালয়। মঙ্গলবার লাল পতাকায় সেজে ওঠে গোটা এলাকা। এলাকার সিপিএম নেতারা বলছে, এই ছবি দেখা যাচ্ছে প্রায় ২০ বছর পরে। যা কর্মীদের মনোবল অনেকটাই বাড়াবে। 

তালা পড়েছিল সেই ২০০৮ সালে। ওই বছর পঞ্চায়েত নির্বাচনের সময়ে অশান্ত পরিস্থিতির জেরে সিপিএমের এই কার্যালয়টি বন্ধ হয়ে যায়। অভিযোগ, তৎকালীন কংগ্রেস নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হাল ছাড়েননি বাম নেতা-কর্মীরা। এই সময়কালে তারা একাধিকবার পার্টি অফিস খোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। মঙ্গলবার কার্যালয় পুনরুদ্ধারের ওড়ে লাল পতাকা। নতুন করে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা। 

প্রবীণ সিপিএম নেতা সিরাজুল হক বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের কার্যালয় বন্ধ ছিল। নানা বাধা, বিরোধ ও হামলার মুখে আমরা এতদিন এটি খুলতে পারিনি। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সেই সুযোগেই আমরা আবার কার্যালয়টি চালু করতে পেরেছি।” তার দাবি, এলাকার কাজকর্ম এখন এই কার্যলয় থেকেই চলবে। হবে কর্মীদের রোজকার বৈঠকও। এলাকার অন্যান্য নেতারাও বলছেন, বিজেপির প্রভাব বাড়তেই এলাকার রাজনৈতিক সমীকরণে বদল এসেছে। তার ফলেই এটা সম্ভবপর হয়েছে। ঘটনা কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে চলছে বিস্তর চর্চা। 

Follow Us