Shasan Crime: শাসনে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
Shasan minor abuse case: নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান বিজেপির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। টুম্পা কয়াল অভিযোগ করেন যে, পুলিশ এখনও দলীয় প্রভাব থেকে বেরোতে পারেনি এবং পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উত্তর ২৪ পরগনা: শাসন থানার শিমুলগাছি এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়িতে ওই নাবালিকা একা থাকার সুযোগ নিয়ে তার ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। ঘটনাটি জানাজানি হতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাসন থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান বিজেপির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। টুম্পা কয়াল অভিযোগ করেন যে, পুলিশ এখনও দলীয় প্রভাব থেকে বেরোতে পারেনি এবং পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে অপরাধীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং আইনানুযায়ী উপযুক্ত তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।
নির্যাতিতার বাবা বলেন, “মেয়ে মোবাইল দেখছিল। সেসময়ে ওরা ঘরে ঢুকে জোরজবরদস্তি করে।” টুম্পা কয়াল বলেন, “বাচ্চাটা এখন পৃথিবীর কিছুই দেখেনি। তার সঙ্গে এমন ঘটনা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।”
