Basirhat: স্তব্ধ চাকা, বাংলাদেশের নির্বাচনের আঁচ পড়ল এপার বাংলাতেও
Basirhat: আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন । আর সেই কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ বুধবার থেকে । তবে দূরদূরান্ত থেকে যেসব গাড়িরা এসেছেন, বা যাঁরা আসবেন, তাঁরা এই ক'দিন পার্কিংয়ে থেকে যাবেন। তবে কোন পচনশীল জিনিস এই ক'দিন আসবেনা বন্দরে। কারণ আগে থেকেই তাদের নিষেধ করা হয়েছে।

বসিরহাট: রাত পোহালেই বাংলাদেশে জাতীয় নির্বাচন। তার আঁচ যেন পড়ল এপার বাংলাতেও। সেই কারণে ঘোজাডাঙা বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ। শুনশান রাস্তা, পার্কিংয়ে অন্যদিনের তুলনায় গাড়ির সংখ্যা যথেষ্ট কম, সব কিছু ঠিক থাকলে শনিবার থেকে শুরু হবে আমদানি রফতানি। এশিয়া মহাদেশে অন্যতম স্থলবন্দর ঘোজাডাঙ্গা বন্দর । এই বন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি আমদানি রফতানি হয় । কিন্তু বাংলাদেশে আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন । আর সেই কারণে দুই দেশের আমদানি রফতানি বন্ধ বুধবার থেকে । তবে দূরদূরান্ত থেকে যেসব গাড়িরা এসেছেন, বা যাঁরা আসবেন, তাঁরা এই ক’দিন পার্কিংয়ে থেকে যাবেন। তবে কোন পচনশীল জিনিস এই ক’দিন আসবেনা বন্দরে। কারণ আগে থেকেই তাদের নিষেধ করা হয়েছে।
ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট যুধিষ্ঠির সরকার বলেন, “বাংলাদেশে নির্বাচন রয়েছে, তার জন্য ২ দিন ছুটি। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি। বিএসএফের কড়া নজরদারিও রয়েছে। কোনও পচনশীল জিনিস যাতে না আনা হয়, তা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। ”
আমদানি রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত কর্মী আব্দুল ওয়াহব বলেন, “সমস্যা তেমন নয়, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। একটা দিন একটু অসুবিধা হবে। শনিবার থেকে আবার সব চালু হয়ে যাবে। সুষ্ঠুভাবে সব হয়ে যাবে, সেটাই আসল ব্যাপার। আবহ শান্তই রয়েছে।”
