AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamgram: মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুনে ধৃত মা-মেয়ের পরিকল্পনা শুনে শিউরে উঠছে পুলিশও, সামনে এল আরও তথ্য

Madhyamgram: এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা সুমিতা ঘোষকে খুন করেন আরতি ও তাঁর মেয়ে ফাল্গুনী। খুনের পর তাঁরা পরিকল্পনা করতে থাকেন, কীভাবে দেহ গায়েব করা যায়। দেহ একটা বড় ব্যাগে করে নিয়ে যাবেন বলে তাঁরা স্থির করেন। তাঁদের বাড়িতে যে ব্যাগ ছিল, তাতে দেহ ঢোকানো সম্ভব হচ্ছিল না।

Madhyamgram: মধ্যমগ্রামে পিসি শাশুড়িকে খুনে ধৃত মা-মেয়ের পরিকল্পনা শুনে শিউরে উঠছে পুলিশও, সামনে এল আরও তথ্য
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Mar 05, 2025 | 1:58 PM
Share

মধ্যমগ্রাম: পিসি শাশুড়িকে খুন করে ট্রলিতে দেহ পাচারের ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, মৃত সুমিতা ঘোষ গত ১১ ফেব্রুয়ারি মধ্যমগ্রামের বীরেশপল্লির বাড়িতে আসেন। সেদিন থেকে খুন হওয়ার এই মাঝখানের সময়কালে সুমিতা ঘোষকে নিয়ে ধৃত আরতি ঘোষ ও তাঁর মেয়ে ফাল্গুনী বর্ধমানের সমুদ্রগড়ে সুমিতা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষের কাছে নিয়ে গিয়েছিলেন। এই দুজন কেন সুমিতাকে সুদীপ্তর কাছে নিয়ে গিয়েছিলেন, তা পুলিশের কাছে রহস্য। এছাড়াও হাইকোর্টের এক আইনজীবীর কাছে নিয়ে গিয়েছিলেন সুমিতা ঘোষকে। তদন্তকারী অফিসাররা সুমিতা ঘোষের স্বামী সুদীপ্ত ঘোষ এবং ওই আইনজীবীকেও জিজ্ঞাসাবাদ করবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ জানতে পেরেছে, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা সুমিতা ঘোষকে খুন করেন আরতি ও তাঁর মেয়ে ফাল্গুনী। খুনের পর তাঁরা পরিকল্পনা করতে থাকেন, কীভাবে দেহ গায়েব করা যায়। দেহ একটা বড় ব্যাগে করে নিয়ে যাবেন বলে তাঁরা স্থির করেন। তাঁদের বাড়িতে যে ব্যাগ ছিল, তাতে দেহ ঢোকানো সম্ভব হচ্ছিল না। তার পরদিন তাঁরা কলকাতার বড় বাজারে যান। সেখানে গিয়ে আবার একটি বড় ট্রলি কিনে নিয়ে আসেন। বাড়ির ভেতরের মধ্যে একটি বারান্দার দিকে দেহ রেখে গিয়েছিলেন তাঁরা। বাড়িতে এসে ওই ট্রলিতেও দেহ রাখতে গিয়ে আবার দেখতে পান, তার মধ্যেও দেহ সম্পূর্ণ রূপে ঢুকছে না। তখন তাঁরা দেহ টুকরো টুকরো করার পরিকল্পনা করেন। সেই মতো দুই পা কেটে, মুন্ডু কেটে চার টুকরো করেন। বটি ও ছুরি ব্যবহার করেছিলেন দেহ টুকরো করতে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতেই ওই বটি ও ছুরি পাশের পুকুরে ফেলে দেন বলে তাঁরা জানিয়েছেন।

গতকাল বটির সঙ্গে একটি দা ও একটি হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ। পুলিশি জেরায় আরতি ও ফাল্গুনী কখনও বলছেন, দা তাঁদের। আবার কখনও বলছেন, দা-টি তাঁদের নয়। মধ্যমগ্রাম থানা থেকে আরতি ঘোষ ও তাঁর মেয়ে ফাল্গুনী ঘোষকে বারাসত মহিলা থানাতে নিয়ে এসে গতকাল রাতে রাখা হয়। বুধবার সারাদিন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Follow Us